কুমিল্লায় রাব্বি নামে চতুর্থ শ্রেণির স্কুলছাত্র খুনের মামলায় তারিকুল ইসলাম উজ্জল নামে মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত তারিকুল ইসলামকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়।
সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রসুলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র রাব্বি (১০) গত বুধবার রাতে একই গ্রামের মসজিদের সামনে ওয়াজ মাহফিলে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরদিন বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন গ্রামের একটি পুকুরে পিছন থেকে হাত বাঁধা অবস্থায় রাব্বির লাশ দেখে পুলিশকে খবর দেয়। তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম জানান, এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রসুলপুর মসজিদের মুয়াজ্জিন ও ঐ গ্রামের নজরুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম উজ্জলকে (১৯) বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
