রংপুর জেলা জাতীয় পার্টির (এ) যুগ্ম-সম্পাদক ও গঙ্গাচড়া উপজেলা কমিটির সভাপতি শামসুল আলমের ওপর হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি (এ)। অন্যথায় হরতালসহ বড় ধরনের কর্মসূচি দেয়া হবে। গতকাল শুক্রবার রংপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই আলটিমেটাম দেয়া হয়।
সম্মেলনে হামলার জন্য জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা ও রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে দায়ী করে বলা হয়, পার্টি চেয়ারম্যান অসিফের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির (এ) সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু। সম্মেলনে অভিযোগ করা হয়, বুধবার উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়ন জাতীয় পার্টির (এ) কমিটি গঠনের জন্য জেলা জাতীয় পার্টির (এ) সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু এবং মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরীকে নিয়ে জাপা (এ) নেতা শামসুল আলম রংপুর মহানগরী থেকে ঐ এলাকায় যাওয়ার সময় হাবু বালারঘাট এলাকায় সন্ত্রাসীরা তাদের গাড়ি প্রতিরোধ করে। এ সময় তারা শামসুল আলমকে বেধড়ক মারপিট করে। এ ব্যাপারে শামসুল আলম গঙ্গাচড়া থানায় ১৮ জনকে আসামি করে মামলা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করা হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরী, জাপা (এ) নেতা শামসুল আলম, জাপা (এ) নেতা আব্দুর রাজ্জাক।
