যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গতকাল শুক্রবার গণজাগরণ মঞ্চে সমাবেশ ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংকের বুথ ভাংচুর করা হয়েছে।
চট্টগ্রাম অফিস জানায়, নগরীর জামালখান চত্বরে গণজাগরণ মঞ্চ ও চট্টগ্রাম প্রেস ক্লাবে হেফাজতে ইসলামের মিছিল থেকে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গতকাল বিকাল থেকে আবারো সেখানে সমবেত হতে শুরু করেছে বিক্ষুব্ধ জনতা। জামালখান এলাকায় জামায়াত শিবিরের কিছু কর্মী বিকালে পুনর্বার অগ্রসর হতে চাইলে স্থানীয় বিক্ষুব্ধ জনসাধারণ তাদেরকে ধাওয়া করে। এতে তারা পালিয়ে যায়। প্রেস ক্লাবে হামলার ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) তাত্ক্ষণিক প্রতিবাদ সভায় বক্তৃতা করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সিইউজে’র সভাপতি শহিদুল আলম এবং সিইউজে’র সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার।
গতকাল জামালখান চত্বরে গণজাগরণ মঞ্চের কোনো কর্মসূচি না থাকলেও সমমনা ইসলামী দলসমূহের মিছিল থেকে হামলা ও ব্যানারে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সেখানে দলে দলে এসে পুনরায় সমাবেশ মিছিল শুরু করে। এই হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে বক্তারা বলেন, গণজাগরণ মঞ্চ থেকে এতোদিন শান্তিপূর্ণভাবে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। শুক্রবারের হামলার ঘটনা আবারো প্রমাণ করে দিয়েছে পবিত্র ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করছে, তারা একাত্তরে যা করেছে এখনো তাই করতে পারে। গণজাগরণ মঞ্চের শুক্রবার সন্ধ্যার সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিবিদ শাহ আলম, মফিজুর রহমান ও সিইউজে নেতা রিয়াজ হায়দার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রামে গণজাগরণ কর্মসূচির ১৬তম দিনে জামালখানের কর্মসূচি সাময়িক বিরতি দিয়ে আগামী ১, ৭ ও ৮ মার্চ নতুন কর্মসূচি দেয়া হয়েছিল। কিন্তু গতকালের হামলার পর ঘরে ফেরা তরুণ ছাত্র-জনতা জামায়াত শিবিরকে নিষিদ্ধ ও একাত্তরের ঘাতকদের ফাঁসির দাবি নিয়ে আবারো ফিরে আসে জামালখান চত্বরে।
রাজশাহী অফিস জানায়, গতকাল দুপুরে জামায়াত-শিবিরের ভাংচুর সত্ত্বেও সন্ধ্যায় আবারো স্বরূপে আবির্ভূত হয় নগরীর আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্থাপিত গণজাগরণের একাত্তর মঞ্চ। বিকালে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সমবেত হতে শুরু করেন। আবারো শ্লোগান, ওঠে জাগরণের গান। সন্ধ্যা ৭টায় প্রজ্বলন করা হয় মোমবাতি।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে ময়মনসিংহে আবারও গণজাগরণ মঞ্চের ব্যানারে রেলওয়ে চত্বরে ও দুর্গাবাড়ী সড়কে কর্মসূচি শুরু করেছে। রেলওয়ে চত্বর থেকে সন্ধ্যায় বিক্ষোভ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নাগরিক আন্দোলন, উদীচী শিল্পীগোষ্ঠী, ঘাতক দালাল নিমূল কমিটি, প্রজন্ম একাত্তর, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, জয়বাংলা শ্লোগান দিয়ে শতাধিক যুবক শুক্রবার মাগরিবের নামাজের সময় মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ কোর্ট রোডে ইসলামী ব্যাংক লিঃ এর বুথ ভাংচুর করে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, শাহবাগ প্রজন্ম চত্বরের উত্থাপিত ৬ দফা দাবির পক্ষে সাতক্ষীরায় গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বেলা ৪ টায় শহরের নিউমার্কেটের সামনে প্রজন্ম চত্বরে গণস্বাক্ষর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। স্বাক্ষর করার জন্য শহরের বিভিন্নস্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হন। গণজাগরণ মঞ্চে গণস্বাক্ষর সংগ্রহের পাশাপাশি অনলাইনেও গণস্বাক্ষর অভিযানে অংশ নিয়েছে স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
নীলফামারী প্রতিনিধি জানান, জামায়াত-শিবিরের হাতে নিহতদের স্মরণে জুম্মার নামাজশেষে নীলফামারীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা সদরে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা প্রতিনিধি জানান, বিভিন্নস্থানে গণজাগরণ মঞ্চ ভাংচুরের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার গণজাগরণ মঞ্চের কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে । শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিল আবার শহীদ মিনারে এসে শেষ হয়। সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন নেত্রকোনা প্রেস ক্লাব এবং সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
বাদ জুম্মা মসজিদে মসজিদে দোওয়া, মন্দির ও গীর্জায় প্রার্থনার আয়োজন করা হয়। নেত্রকোনার প্রধান জামে মসজিদ প্রাঙ্গণে রাখা খাতায় গণস্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হয়। জামায়াত-শিবির কোন কোন মসজিদ থেকে মিছিল বের করার প্রস্তুতি নিলেও পুলিশ এবং সরকারি দলের নেতাকর্মীদের তত্পরতার কারণে তা হতে পারেনি। শ্যামগঞ্জ বাজারে পুলিশের বাধা অতিক্রম করে জামায়াত আকস্মিক মিছিল বের করে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মঠবাড়িয়া সংবাদদাতা জানান, শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আরিফ উল হক, মত্স্যলীগ সভাপতি ফজলুল হক মনি, যুবলীগ নেতা শাকিল আহমেদ নওরোজ, কামরুল আকন, ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আল আজাদ ও তৌহিদ সোহেল প্রমুখ।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জ প্রজম্ম মঞ্চের ছবি তুলে নাশকতামূলক কাজের প্রস্তুতি নেয়ার সময় শাহবাগ আন্দোলনের সমর্থকরা মোস্তাফিজুর রহমান (১৫) নামে এক শিবির কর্মীকে বেদম মারপিট করেছে। পুলিশ ওই শিবির কর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পীরগাছা (রংপুর) প্রতিনিধি জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের কান্দিরাজারে বিক্ষোভ মিছিল হয়।
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়াসহ দেশব্যাপী গণজাগরণ মঞ্চে হামলার প্রতিবাদে সারিয়াকান্দি পুরাতন কৃষি ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন , আওয়ামী লীগ নেতা মমতাজুর রহমান , সিরাজুল ইসলাম, মতিউর রহমান মতি, মুক্তিযোদ্ধ আলী আজগর, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ ।
