বরুড়া উপজেলার ইতিহাস-ঐতিহ্যকে আলাদা করা হচ্ছে এমন অভিযোগ তুলে সংসদীয় সীমানা পুনর্বিন্যাস না করার দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকাস্থ বরুড়া উপজেলা সংসদীয় আসন রক্ষা কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বরুড়া উপজেলার ইতিহাস-ঐতিহ্যের বিপরীতে বিগত নবম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রশাসনিক বরুড়ার একটি ইউনিয়ন আলাদা করা হয়, যা বরুড়াবাসী মেনে নেয়নি।
অথচ দশম সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করতে গিয়ে নেতিবাচক পন্থায় মোট চারটি ইউনিয়ন আলাদা করে সংসদীয় আসন করার প্রস্তাব পেশ করেছে, যা বরুড়াবাসী কখনোই মেনে নেবে না। বড়ুয়া উপজেলায় জনসংখ্যা চার লাখ, ভোটার আড়াই লাখ। বরুড়াকে খণ্ডিত করে সংসদীয় সীমনা পুনর্বিন্যাস করা হলে তা হবে আড়াই লাখ ভোটারের স্বার্থ পরিপন্থী। মানববন্ধনে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, বাংলাদেশ ইসলামী পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুল মোবিন, শাহীনুর আলম, কামরুজ্জামান রিমন, গাজী ওবায়দুল হক, মিজানুর রহমান, আবু তাহের, আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
