ইসলামী ঐক্যজোট বলেছে, গতকাল শুক্রবার রাজধানীসহ সারাদেশে তাদের শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় লোকজন হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের নেতৃবৃন্দ বলেছেন, সরকার ঈমানী সমাবেশে হামলা করে নাস্তিক মুরতাদদের রক্ষার অপপ্রয়াস চালাচ্ছে।
দলের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহসহ ১৩ জন কেন্দ্রীয় নেতা যুক্ত বিবৃতিতে বলেন, সরকার পুলিশ প্রহরায় শাহবাগে মঞ্চ নির্মাণ করে দিয়ে দেশে উত্তেজনা সৃষ্টি করছে। অন্যদিকে আল্লাহ, মহানবী (সা.) ও ইসলাম নিয়ে চরম ধৃষ্টতা প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে বাদ জুমা বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি মসজিদ থেকে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করার চেষ্টাকালে পুলিশ হামলা করেছে। নেতৃবৃন্দ সাংবাদিকদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলায় দুঃখ প্রকাশ করে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।
