নির্যাতন করে বিএনপিকে আন্দোলন থেকে সরানো যাবে না: ফারুক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৩
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দমন নীতি অনুসরণ করে নির্দলীয় সরকারের আন্দোলন থেকে বিএনপিকে সরানো যাবে না। সরকার ভেবেছে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের কারাগারে বন্দী করে আওয়ামী লীগকে যে কোনো ভাবে আর একবার ক্ষমতায় আনবে। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা বেঁচে থাকতে সরকারের সেই স্বপ্ন কোন দিন পূরণ হবে না। তিনি গতকাল শুক্রবার বিকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর আবদুর রহান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মোক্তার হোসেন ইকবালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির নেতা আবদুল্ল¬াহ আল মামুন, বিএনপি নেতা ওবায়দুল হক চেয়ারম্যান, বিএনপি নেতা আবু বক্কর ছিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশব্যাপী বিএনপি দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও নির্যাতন চালিয়ে সরকার শেষ যাত্রায় পার পাবে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সরকারের সব অপকর্মের বিচার হবে।