দানবীর রনদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে আসছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আগামী ৫ মার্চ দুপুরে তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী কমপ্লেক্সে আসছেন বলে গতকাল শুক্রবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দীপ কুমার চক্রবর্তী নিশ্চিত করেছেন। ভারতীয় রাষ্ট্রপতির সফরে নিরাপত্তা জোরদার ও নিশ্চিত করতে গতকাল শুক্রবার ভারতীয় হাইকমিশনের উচ্চপর্যায়ের পর্যবেক্ষকদল মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছে। ৫ মার্চ দুপুরে তিনি হেলিকপ্টারযোগে কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মাঠে নামবেন। তিনি কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, কুমুদিনী কমপ্লেক্সের ভিতরে বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন। ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের ডিসপ্লে উপভোগ করবেন।
ভারতের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে কুমুদিনী কমপ্লেক্স নানা সাজে সজ্জিত করা হচ্ছে। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আগামী ৩ মার্চ রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ঢাকায় আসছেন।
