জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে মহান আল্লাহ পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ও পবিত্র কোরআন অবমাননাকারীদের শাস্তির দাবিতে আলেম ওলামা পীর মাশায়েখ ঘোষিত কর্মসূচিতে পুলিশের বাধাদান ও গুলিবর্ষণ করে ৪ জনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, এ কর্মসূচি সরকার বা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। এ কর্মসূচি ছিলো মহান আল্লাহ পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম, পবিত্র কোরআন ও হজ্বসহ ইসলাম ধর্মের প্রতি কটূক্তি ও অবমাননাকারীদের বিরুদ্ধে। দেশের ইসলামপ্রিয় জনতা ঈমান রক্ষার তাগিদে এ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছিলো। কিন্তু সরকার ঈমানী চেতনায় উদ্বেলিত জনতার উপর হামলা চালিয়ে প্রমাণ করেছে এ সরকার নাস্তিক, মুরতাদদের পক্ষে অবস্থান নিয়েছে। গতকাল আলেমদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে ৪ জনকে খুন ও শতশত লোককে আহত করে সরকার ইসলামপ্রিয় জনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, আলেম, ওলামা ও তৌহিদী জনতার এ আন্দোলনকে এক শ্রেণীর মিডিয়া জামায়াত-শিবিরের বলে উল্লেখ করে উস্কানীমূলক বক্তব্য দিচ্ছে। দেশের লক্ষ লক্ষ ইসলামপ্রিয় জনতার আন্দোলনকে যারা জামায়াতের দলীয় বা রাজনৈতিক আন্দোলন বলেন তাদের দুরভিসন্ধি জনগণের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।
