গতকাল শুক্রবার সকালে নগরীর নতুন রাস্তার মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্যাঙ্কলরি ও বেবিট্যাক্সি শ্রমিকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১৫ শ্রমিক আহত হয়েছেন। এসময় অর্ধশতাধিক ট্যাঙ্কলরি ও বেবিট্যাক্সি ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নগরীর খুলনা-দৌলতপুর সড়কে ইজিবাইক চালানো নিষিদ্ধ থাকলেও ইজিবাইক নিয়ে আসেন কয়েকজন চালক। এতে ইজিবাইক ও বেবিট্যাক্সি চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ইজিবাইক চালকদের সঙ্গে ট্যাঙ্কলরি শ্রমিকরা যোগ দেয়। সংঘর্ষে উভয় পক্ষ বোমা ও গুলি বর্ষণ করে। আহতদের মধ্যে বেবিট্যাক্সি চালক মারুফ ও মাহবুব গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। ঘটনার পর থেকে খুলনা-যশোর মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
