শিক্ষক জন্মায় না, শিক্ষককে তৈরি হতে হয়

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৩
আছহাব উদ্দিন আহম্মেদ খোকন ঢাকা বিভাগীয় প্রাথমিক শ্রেষ্ঠ শিক্ষক অনেকে শিক্ষক মনে করে শিক্ষকতা একটি গুরুগম্ভীর ও নিরানন্দময় পেশা। একারণে ছাত্র-শিক্ষকের সম্পর্কটি হয়ে উঠে ভয়ের। শিক্ষার্থীদের বোঝাতে হবে যে, শিক্ষক কোনো ভয়ের পাত্র নয়। শিক্ষার্থীদের মনে পড়াশুনার প্রতি উত্সাহ ও উদ্দীপনা সৃষ্টি, শ্রমশীলতা, সহনশীলতা, ধৈর্য্য, শ্রদ্ধাশীলতা সর্বোপরি জ্ঞানার্জনে অধ্যবসায়ের অভ্যাস গঠনের বীজ বুনে দিতে হবে। একজন শিক্ষকের উপর একজন শিক্ষার্থীর ভবিষ্যত নির্ভর করে। সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে একজন শিক্ষার্থীকে তার লক্ষ্য অর্জনের পথে ধাবিত হতে উত্সাহ যোগাতে হবে। এক্ষেত্রে একজন শিক্ষকের অনেক কিছু করণীয় আছে। শিক্ষক জন্মায় না, শিক্ষককে তৈরি হতে হয়। আমি মনে করি শিক্ষকতা পৃথিবীর শ্রেষ্ঠতম পেশা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ-ব্যরিস্টার, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক যত যাই বলা হোক শিক্ষার আলো ছাড়া কোনোটাই প্রত্যাশা করা সম্ভব নয়। এমনকি একজন শিক্ষক হতে গেলেও শিক্ষার প্রয়োজন। একারণে শিক্ষকতা একটি মহান ও আদর্শ পেশা। সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের ভবিষ্যত্ বিনির্মাণে শিক্ষকরা মনোযোগসহকারে শ্রেণিকক্ষে পাঠদান করবেন এটাই শিক্ষকদের অন্যতম প্রধান কর্তব্য। শিক্ষক হিসেবে আমাদের মনে রাখতে হবে, দেশ ও জাতি গঠনে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকা অনেক। নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করা, বিনয়ী হওয়া, সত্ জীবন-যাপন করা, পেশাগত দক্ষতা প্রতিনিয়ত বৃদ্ধি করা, নিজেরা পড়াশুনা করা, সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করা এসব একজন শিক্ষককে শ্রেষ্ঠত্ব অর্জনে ভুমিকা রাখবে।