চাপাবাজি আনলিমিটেড!

আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:১৩

আসলে চাপাবাজি একটা অনেক বড় শিল্প। এটা সবাই করতে পারে না। মানে সবাই সফলভাবে চাপা মারতে পারে না। কেউ কেউ চাপা মারার সময় বুঝা যায় যে তিনি চাপা মারছেন! আর কেউ কেউ এমন ভাবে চাপা মারেন যে ধরাই যায় না। এই দেশে একসময় বেশি চাপা মারতেন নেতারা। চাপার জোরে কত নেতার চরিত্র যে ফুলের মতো পবিত্র হয়েছে তার কোনো হিসাব নেই!

হকাররা চাপার জোরেই তার মাল বিক্রি করে। চাপায় যার জোর যত বেশি, তার বিক্রিও তত বেশি। অনেক দোকানিরও একই অবস্থা। তার মাল সেরা বলতে বলতে হাতের মধ্যেই মালের আসল চেহারা খসে পড়ে। ঠিক চায়না মালের মতো! বাসের কন্ডাকটর চাপার জোরে বাসের সিট খালি রাখে। চাকরিতে এমন অনেকেই আছেন, যারা শুধু চাপার জোরে টিকে থাকেন। আমাদের দেশে মাঝেমধ্যে কিছু এমএলএম কোম্পানি বের হয়। এদের পুঁজি কি জানেন? শুধুই চাপা! চাপা দিয়ে এরা আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দেবে। এরপর আপনার টাকা হাওয়া করে দিয়ে ভিক্ষের থালা হাতে ধরিয়ে দেবে। এদেশের হাজার হাজার মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া হয় শুধু চাপার জোরে। এই চাপার কারণে অনেকেই আবার হাসির পাত্র হয়েছেন। এই চাপার কারণে অনেকেই জোকার বনেছেন।

কিছু মানুষ চাপার জোরে দেশের ক্ষমতাবান ও প্রভাবশালীদের নিজেদের মামা-খালু বানিয়ে ফেলে। আর কিছু মানুষ সবকিছুর ক্রেডিট নিতে চায় চাপার জোরে। চাপা মারতে মারতে এদের মুখের জয়েন্টে ব্যথাও করে না!

প্রেমিকা-প্রেমিকার চাপাবাজি এখন রম্য সিরিয়ালে পরিণত হয়েছে। আগে বেশি চাপা মারত প্রেমিক সম্প্রদায়। এখন প্রেমিকারাও পিছিয়ে নেই। যত চাপা তত প্রেম! চাপা যখন ধরা পড়ে, তখন আসমান ভেঙে মাথায় পড়ে।

তবে মনে হচ্ছে, এখন চাপা বেশি মারা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে চ্যাট করার সময়। ইনবক্সে চাপা মারতে মারতে ফুলে ঢোল হয়ে যায় অনেকেই। তারা ‘আল ছালা দিয়া ঢাকা’ হোটেলে খাবার খেয়ে চেক ইন দেয় ফাইভ স্টার হোটেলের। বাসের ছাদে করে কোথাও ভ্রমণ করার সময় পোস্ট দেয় ‘ট্র্যাভেল বাই এয়ার!’

তবে এ কথা সত্যি, চাপাবাজের চাপাবাজি অনেকে বুঝতে পারলেও সামনে কিছু বলে না, কিন্তু পেছনে ঠিকই চাপাবাজ তকমা লাগিয়ে দেয়। চাপাবাজকে আসতে দেখলে ফিসফিসিয়ে বলে, ‘ওই যে চাপাবাজ আসছে! এখন এখানে থাকা যাবে না।’

ঠিক রাখাল বালকের গল্পের মতো চাপাবাজরা একদিন শুধরে গেলেও মানুষ আর তাকে বিশ্বাস করতে চায় না। সত্যি কথা বললেও মনে করে চাপা মারছে। আসুন এই আনলিমিটেড চাপা বা চাপাবাজ থেকে দূরে থাকি!