পথে যেতে ইয়ারের
দেখা মেলে পিয়ারের
শুরু হলো গল্প
সে কথা কি অল্প?
ইয়ার আলী পিয়ার আলী
কথা বলে জোড়াতালি
জ্ঞানীগুণী হাবভাব
অকারণে লাফঝাঁপ।
ইয়ার আলী বলে ভাই
ছাঁকা কথা বলে যাই
আমাদের কিষ্টি
গপাগপে খেতে পারি
মরিচ-আদা বিশটি।
পিয়ার আলী বলে, তাই!
আমি কীসে হেরে যাই?
আটা দিয়ে কাঁটা খাই
হাতে হাতে তালি পাই।
এই বলে পথে চলে
ইয়ার আর পিয়ারে
বড় বলে বড় হয়
নিজে নিজ গিয়ারে।
তারপর যেতে যেতে
হলো সে কী কাণ্ড
রাস্তার ধারে বাঁধা
ইয়া বড় ষণ্ড!
এঁড়ে দেখে তেড়ে যায়
ছোটাছুটি বেড়ে যায়।
গুঁতা খেয়ে দুয়ে মিলে
দে দে দৌড় ভোঁ ভোঁ
পিছে পিছে ছোটে ষাঁড়
ফোঁস ফোঁস ছোঁ ছোঁ।
ইয়ারের পিয়ারের
অদ্ভুত আচরণ
পটাপট দুজনের
ভেঙে যায় বাঁ চরণ।
দিনাজপুর
