নাগেশ্বরীতে টক্কর পাচারকারী চক্রের চারজন আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
নাগেশ্বরীতে টক্কর (সরীসৃপ) পাচারকারী চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশের হাতে দিয়েছে জনতা। ৪ জন পলাতক। শুক্রবার উপজেলার কেদার ইউনিয়নের একটি টক্কর পাচাকারী চক্রের সাথে আগে থেকে যোগাযোগ করে টক্কর কিনতে এসে প্রতারিত হওয়ার পর একজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় নাগেশ্বরীতে জনতা তাদেরকে মাইক্রোবাসসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে ঢাকা রামপুরা প্রজেক্ট এলাকার কামাল উদ্দিন চৌধুরীর ছেলে ফিরোজ চৌধুরী (৩৩), পশ্চিম রামপুরা তসলিম হোসেনের ছেলে বশির আহমেদ (৪৮) রংপুর নিউ সেনপাড়ার মিন্টু চৌধুরীর ছেলে মিজু চৌধুরী (৩৮) ও নীলফামারী জেলার সৈয়দপুরের নিউ নতুন বাবুপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মেজবাউল হাসান (৪২)। এ সময় তাদের অপর সঙ্গী মিরপুর-১ এর সোহেল, মিরপুর-২ শিমুল, খুলনা বাগেরহাটের রাজু ও মাইক্রোবাসের চালক মিরপুর- ২ এর রবিউল পালিয়ে যায়। একটি সূত্রে জানায়, এ চক্রের সাথে ঢাকার একটি চক্র যোগাযোগ করে গত বৃহস্পতিবার এলাকায় আসলে স্থানীয় পাচারকারী চক্র তাদেরকে টক্কর দেয়ার প্রলোভন দেখিয়ে ২ কিস্তিতে ৩ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতারিত হয়ে তারা শুক্রবার স্থানীয় চক্রটির সদস্য সুবলপাড় বাজারের মোড় থেকে মোখলেছুর রহমান রানাকে অপহরণ করে। পরে তাকে নিয়ে মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় বিকেলে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে জনতার হাতে আটক হয়। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে তারা র্যাব ও সেনাবাহিনীর মেজর পরিচয় দেয়। সংবাদ পেয়ে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে অপহূতর ভাই হাসানুল হাবীব রোমেল কচাকাটা থানায় মামলা করে।