ভাষা সৈনিক ভেড়ামারার খলিলুর রহমানের কেউ খবর নেয় না

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
নির্ভৃতচারী এক ভাষা সৈনিকের নাম খলিলুর রহমান (৮২)। রাষ্ট্রভাষা বাংলা চাই’র আন্দোলনের ছাত্রনেতা কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরের হাই স্কুলের পিছনের বাসিন্দা খলিলুর রহমানের খবর আজ আর কেউ রাখে না। বয়সের ভারে এখন ক্লান্ত তিনি। ১৯৫১ সালে ঢাকা জগন্নাথ কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই রাষ্ট্র ভাষা বাংলা চাই আন্দোলনের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। তত্কালীন সময়ে তিনি জগন্নাথ কলেজের একটি ইউনিটের ছাত্রনেতা হিসেবে মিছিল মিটিংয়ের নেতৃত্ব দিতেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা কার্জন হল থেকে শুরু হওয়া মিছিলে পুলিশ যখন বৃষ্টির মতো গুলি চালাচ্ছিল, তখন তিনি ছিলেন মিছিলের অগ্রভাগে। ভেড়ামারার কৃতী সন্তান মৃত ডা. বাবর আলীর জ্যেষ্ঠ সন্তান ভাষা সৈনিক খলিলুর রহমান ১৯৯১ সালের জানুয়ারিতে ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তিনি এক পুত্র ও তিন কন্যার জনক। কথা বলতে গিয়ে এক পর্যায়ে বয়োবৃদ্ধ এ ব্যক্তিটি কেঁদে ওঠেন। দু’চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে। ৫২’এর ভাষা আন্দোলনে অন্যতম নেতৃত্ব দান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা ও অবদান এবং মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে দেশের খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করলেও বর্তমান সমাজে কেউ তাকে স্বীকৃতি দেয়নি।