যশোরে লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
যশোরের শিল্প শহর নওয়াপাড়ার অদূরে শেষ সীমানা নামক স্থানে লেভেল ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে সুশান্ত (৩৫), জামাল হোসেন (৪৫) নামের দুইজন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। গতকাল শনিবার সকাল আটটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনের সঙ্গে মাটি পরিবহনের ট্রাকের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ দুই ঘন্টা বন্ধ থাকে। রেলওয়ে কর্তৃপক্ষ ট্রাক সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেন খুলনা ও যশোরের সীমানাবর্তী শেষ সীমানা নামক স্থানে পৌঁছে। এ সময় রেল ক্রসিং দিয়ে আটজন শ্রমিক নিয়ে একটি মাটি পরিবহনের ট্রাক পার্শ্ববর্তী ভুলাপাতা বিলে যাচ্ছিল। ট্রাকের সঙ্গে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের শ্রমিক সুশান্ত ঘটনাস্থলেই মারা যান। আহত হন জামাল হোসেন মোল্যা (৪৫), বাবুল (২০), নাজিম (৩৫), মতিয়ার (২০), আশরাফুর (২২), টিপু (২২), রাজু (৩০)। আহতদের ১ জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৬ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত জামাল হোসেন (৪৫) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তার লাশ খুলনা মেডিক্যাল মর্গে। অপর আহতদের অবস্থা আশংকাজনক। নিহত ও আহত শ্রমিকদের সকলের বাড়ি উপজেলার মাগুরা গ্রামে।