মাগুরার শ্রীপুরে গতকাল শনিবার ছাত্রদলের সোহেল গ্রুপের এক কর্মী রুবেল মোল্লাকে ছাত্রলীগের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। তার তলপেট ও দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। আহত ছাত্রদল কর্মী রুবেল মোল্লা জানায়, ব্যক্তিগত কাজে খামারপাড়া মাদ্রাসা এলাকায় গতকাল দুপুরে তিনি বেড়াতে যান। তখন ছাত্রলীগের তুষার ও হারুনসহ বেশ কয়েকজন অচেনা লোক তাকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উপজেলা সভাপতি মো. সোহেল মুন্সী বলেন, ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতির সমর্থকরা আমাদের কর্মী রুবেলকে কুপিয়ে আহত করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিন বলেন, আমার জানা মতে, ছাত্রলীগের কোনো কর্মী রুবেল নামে ছাত্রদলের কোনো কর্মীকে আঘাত করেনি।
