মাগুরায় বিএনপির সমাবেশ
মাগুরা প্রতিনিধি \ শেয়ারবাজার, পদ্মা সেতু, হলমার্ক, ডেসটিনিসহ বিভিন্ন অর্থকরী প্রতিষ্ঠানের দুর্নীতি ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলকুচিতে পাঠাগার উদ্বোধন
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বেলকুচিতে বেসরকারি উদ্যোগ ‘‘দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্র’’ নামে একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। উপজেলার তামাই গ্রামের গাজী আব্দুল মান্নানের অর্থায়নে পাঠাগারটি স্থাপন করেন। শুক্রবার ‘‘জীবন উন্নয়নে পাঠাগারের ভূমিক’’ শীর্ষক আলোচনাসভায় পাঠাগারের প্রতিষ্ঠাতা গাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী সাইদুর রহমান।
পাঁচবিবিতে বৃদ্ধের আত্মহত্যা
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাইগ্রাম এলাকার নেজাম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নেজাম উদ্দিন শুক্রবার নামাজ পড়ে বাড়িতে আসেন। পারিবারিক কলহের জের ধরে নিজ শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে পাঁচবিবি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
কাছেমাবাদ দরবার শরীফে ওয়াজ মাহফিল
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদীর কাছেমাবাদ দরবার শরীফে ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার সমাপ্ত হয়েছে। কাছেমাবাদ দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলার ৩৮তম ফাতেহা ও কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ৮২তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন গৌরনদীর পৌর মেয়র মো. হারিসুর রহমান।
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর সদরের ঢাকা-বরিশাল মহাসড়কের মহিলা রোড এলাকায় শনিবার মোটরসাইকেল ও বাস সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিখুরদী এলাকার শাহিদ শেখ (৩৮) ঘটনাস্থলেই মারা যায়। নিহত শাহিদ এসডিসি নামের একটি এনজিও কর্মী। এ ঘটনায় মোটরসাইকেলযাত্রী শাহিদের ভাই ও চালক গুরুতর আহত হয়েছে।
নেত্রকোনা সরকারি মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার মোক্তারপাড়ার মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহার সভাপতিত্বে প্রতিযোগিতা উদ্বোধন করেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু।
কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জলিল শেখ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । শুক্রবার পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কের কলাভিটায় এ দুর্ঘটনা ঘটে ।
মনোহরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শনিবার কুমিল্লার মনোহরগঞ্জে লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন মোর্শেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক বৈদেশিক বাণিজ্য (মতিঝিল) শাখার এক্সিকিউটিভ অফিসার মো. মাহবুবুর রহমান হেলাল।
ভিক্টোরিয়া কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগে পুনর্মিলনী
কুমিল্লা প্রতিনিধি\ গতকাল শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. আমির হোসেন খান। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কাশেম মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এ.বি.এম শাহজালাল।
আদমদীঘিতে গৃহবধূর আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা\ শুক্রবার বিকালে আদমদীঘির দক্ষিণ গনিপুর গ্রামে কাজলী বেগম (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। কাজলী ওই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ভাষা শহীদদের স্মরণে ‘রক্তে রাঙা-২১’ এর আত্মপ্রকাশ
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ ৫২’র ভাষা আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের স্মৃতির স্মরণে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ‘রক্তে রাঙা-২১’ নামে স্মরণিকা প্রকাশ করা হয়েছে।
সাতক্ষীরায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
সাতক্ষীরা প্রতিনিধি\ সাতক্ষীরায় আগুনে পুড়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ত্রিশ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
নন্দীগ্রামে বিএনপি নেতার অনুদান
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ জেলা বিএনপি নেতা ও বগুড়া-৪ আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন শুক্রবার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা জামে-মসজিদে নগদ ৭ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী মইনুল ইসলাম, সদস্য আ. মতিন, উপজেলা জাসাসের সভাপতি শাহজাহান আলী, বিএনপি নেতা আলাউদ্দিন আলী, যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
কেশবপুরে অভিভাবকদের প্রশিক্ষণ কর্মশালা
কেশবপুর (যশোর) সংবাদদাতা \ বাংলাদেশ শিশু একাডেমীর সিসিমপুর আউটরীচ প্রকল্পের আওতায় শুক্রবার কেশবপুরে প্রাক-প্রাথমিক শ্রেণির অভিভাবকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল- ইসলাম।
বোয়ালমারীতে বিনামূল্যে চিকিত্সা সেবা
ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাঁচ শতাধিক দরিদ্র রোগীকে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি’র (এসডিসি) আয়োজনে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হয়েছে।
হোসেনপুরে শিবির সন্দেহে গ্রেফতার ছয়
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর থানা পুলিশ শুক্রবার রাতে শিবির সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার বাদ জুমা ইসলামী দলের ডাকা আন্দোলনের অংশ হিসেবে হোসেনপুর উপজেলার আশুতিয়া এলাকায় মিছিল বের করে। নাশকতার আশংকায় পুলিশ শিবির সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বরিশাল অফিস \ নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালীর মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়।
বাকেরগঞ্জে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
বরিশাল অফিস \ বাকেরগঞ্জ উপজেলার ভাড়নী নদী থেকে এনায়েত মীর (১৮) নামে এক কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার লাশ উদ্ধার করা হয়েছে বলে বাকেরগঞ্জ থানার পুলিশ জানান। বাকেরগঞ্জ থানার ওসি জানায়, উদ্ধারকৃত লাশ শনাক্ত করা গেছে। সে পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের শহিদ মীরার ছেলে এবং মীর কবাই ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
কুমিল্লায় বিনামূল্যে হামদর্দের চিকিত্সা সেবা
কুমিল্লা প্রতিনিধি \ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াকফ এর উদ্যোগে বৃহস্পতিবার কুমিল্লা কান্দিরপাড়স্থ কার্যালয়ে ৩ শতাধিক অসহায়-দরিদ্র রোগীর মাঝে বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
কোটালীপাড়াগামী নৈশ কোচে ডাকাতি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী নৈশ কোচে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গাড়ির ড্রাইভার আজগর জানান, গত বৃহস্পতিবার ঢাকা গাবতলী থেকে ৫২ জন যাত্রী নিয়ে কোটালীপাড়া ছেড়ে আসে দিগন্ত পরিবহন। কোচটি ফরিদপুরের পুকুরিয়ায় এলে যাত্রী বেসে গাড়িতে থাকা ১৩ জন ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতি শুরু করে।
এনায়েতপুরে মরণোত্তর সম্মাননা প্রদান
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের এনায়েতপুরে মুসফিকা স্মৃতি পাঠাগারের ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে অসামান্য অবদান রাখায় এলাকার প্রয়াত ৩ কৃতী সন্তানকে মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে।
গোপালপুর আওয়ামী লীগের কার্যক্রম শুরু
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ৩৮ বছর পর নিজস্ব ভবনে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম শুরু। শুক্রবার থানা মোড়ে নবনির্মিত ভবনে দলের স্থায়ী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামান।
টেকনাফে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
কক্সবাজার প্রতিনিধি \ টেকনাফের নাফ নদীতে বিজিবি সদস্যরা শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৩২৫ পিস ইয়াবাসহ দু’টি কাঠের নৌকা জব্দ করেছে। তবে ঘটনার সময় কাউকে আটক করতে পারেনি।
নড়াইলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
নড়াইল প্রতিনিধি \ নড়াইলের নাকশী বাজারের সিকদার মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় ৬০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
