নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
জামায়াত-শিবিরসহ ১২টি সমমনা ইসলামী দলের নৈরাজ্যের প্রতিবাদে মহাজোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। বরিশাল অফিস জানায়, জাতীয় পতাকার অবমাননা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মহাজোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে নগরীর সোহেল চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র শওকত হোসেন হিরন। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালকুদার মোঃ ইউনুস এমপি, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নজরুল হক নীলু, ন্যাপের জেলা সভাপতি দাশগুপ্ত আশীষ, জাসদের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই মাহবুব, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম। সমাবেশে মেয়র হিরন বলেন, জামায়াত-শিবির মিথ্যা লিফলেট দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর এই বিভ্রান্তি ছড়াতে কাজ করছে জামায়াত ইসলামের দৈনিক সংগ্রাম ও বিএনপি’র আমার দেশ। মেয়র হিরন বলেন ধর্মের নামে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সাধারণ নিরীহ মানুষকে ব্যবহার করছে। সচেতন দেশবাসী জামায়াত-শিবিরের এ ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধ রয়েছে। খুলনা অফিস জানায়, শহীদ মিনারে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল বিকালে ১৪ দল নগরীতে জাতীয় পতাকা মিছিল করেছে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র তালুকদার আব্দুল খালেক। আর বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, মহানগর জাসদ সভাপতি রফিকুল হক খোকন, ওয়ার্কার্স পার্টি নেতা মফিদুল ইসলাম প্রমুখ। একই দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে জাতীয় পতাকা মিছিল করেছে। রাজশাহী অফিস জানায়, রাজশাহীসহ সারাদেশে সমমনা ১২ ইসলামী দলের ব্যানারে জামায়াত-শিবিরের নৈরাজ্য, শহীদ মিনার, জাতীয় পতাকা, গণজাগরণ মঞ্চ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ১৪ দলের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্বদের স্থানীয় ১৪ দলের সমন্বয়ক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা এমপি। পরে সাহেববাজার জিরোপয়েন্টে এক সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক বজলার রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর ইকবাল, আলহাজ্ব রফিক উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু, জাসদের মহানগর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাম্যবাদী দলের মহানগর আহবায়ক মাসুদ রানা প্রমুখ। সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাবি সংবাদদাতা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা.বি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয় সিনেট ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রগতিশীল শিক্ষক সমাজের কনভেনর অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক ড. শামসুদ্দীন ইলিয়াসের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অধ্যাপক মোহাম্মদ নাসের, ছাদেকুল আরেফিন, সুলতান-উল-ইসলাম টিপু, রুখসানা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। সাড়ে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এদিকে রাজশাহীতে গত শুক্রবার গণজাগরণের ‘একাত্তর মঞ্চ’ ভাংচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরসহ সমমনা ১২ ইসলামী দলের সাড়ে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক ২টি মামলা হয়েছে। শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) নাসিরুল ইসলাম এবং রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুজ্জামান বাদী হয়ে মামলা ২টি দায়ের করেন। সংঘর্ষের সময় আটক ৩০ জনের মধ্যে উভয় মামলায় ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠনো হয়েছে। যশোর অফিস জানায়, দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিকেলে যশোর শহরে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল হয়। প্রজন্ম চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন প্রবীণ রাজনীতিবিদ কাজী আব্দুস শহীদ লাল। পরে এক বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা খালেদুর রহমান টিটো এমপি, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুজ্জামান চুন্নু, জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি রবিউল আলম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবীর জাহিদ, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়ক হাসিনুর রহমান প্রমুখ। বগুড়া প্রতিনিধি জানান, জামায়াত শিবিরের হামলা ভাংচুরের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ১৪ দল । শনিবার দুপুরে শহরের টেম্পল রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা শহরের নওয়াববাড়ী সড়কে ইসলামী ব্যাংকের নির্মিতব্য এটিএম বুথের সাইন বোর্ডে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জাসদ নেতা এডভোকেট এমদাদুল হক এমদাদ,বগুড়া জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুর রহমান দুলু প্রমুখ। বক্তারা রাজাকারমুক্ত দেশ গড়তে সকলকে স্বাধীনতাবিরোধী জামায়াত শিবির চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। দিনাজপুর স্টাফ রিপোর্টার জানান, জামায়াত-শিবিরসহ ১২টি ধর্মভিত্তিক দলের দেশব্যাপী নৈরাজ্য, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ, শহীদ মিনার ভাংচুর এবং গণজাগরণ মঞ্চে আগুনসহ গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল বিকেলে দিনাজপুর জেলা ১৪দল শহরে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন ইকবালুর রহিম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জেলা জাসদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক রবিউল আউয়াল খোকাসহ ১৪ দলের নেতৃবৃন্দ। চাঁদপুর প্রতিনিধি জানান, জামায়াত-শিবিরের নৈরাজ্য, জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে শনিবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পূর্বে স্থানীয় শপথ চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামছুল হক ভুঁইয়া, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদসহ আরো অনেকে। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের বিচার এবং রোববারের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগসহ ১৪ দল। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এমপির নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মো. জাফর আলী এমপি, জাসদের সভাপতি এমদাদুল হক এমদাদ, রুবেল মণ্ডল, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মকবুল হোসেন বাবু, জেলা জাসদের সভাপতি রাজিউর রাজি চৌধুরী, ন্যাপের সাধারণ সম্পাদক শান্তি, ওয়ার্কার্স পার্টির নেতা এডভোকেট ইমরান চৌধুরী, জেলা মহিলা লীগের নেত্রী আয়েশা আক্তার তুলি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল প্রমুখ।