মাহমুদুর রহমানের নামে পাঁচ মামলা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
সারাদেশে শুক্রবার জামায়াত-শিবির ও ধর্মীয় দলগুলোর হামলা ও ভাংচুরের ঘটনায় উস্কানিদাতা হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গতকাল শনিবার ৫টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগে ৪টি ও রমনা থানায় একটি মামলা দায়ের করে। মামলার এজাহারে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দৈনিক আমার দেশ পত্রিকায় ধর্মের দোহাই দিয়ে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করা হয়। এর ফলে শুক্রবার ইসলামী ও সমমনা ১২ দলের ব্যানারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সাংবাদিক এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন, সকল নৈরাজ্যকর ঘটনার উস্কানিদাতা হিসাবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে তাকে এসব মামলায় গ্রেফতার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করেননি। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন, মামলা হয়েছে তাই গ্রেফতার না করার তো কোন অবকাশ নেই। যে কোন সময় তাকে গ্রেফতার করা হতে পারে। শাহবাগ থানার পরিদর্শক( তদন্ত) এমএ জলিল জানান, শুক্রবার নৈরাজ্যকর ঘটনায় শাহবাগ থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানায় দায়ের করা সব মামলায়ই আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আসামি করা হয়েছে। সকল নৈরাজ্যকর ঘটনার উস্কানিদাতা হিসাবে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। একই অভিযোগে রমনা থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি শাহআলম।