ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার পৌর মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা সাহেবদের শনিবারের নির্ধারিত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়নি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনুরোধে পূর্বঘোষিত মহাসমাবেশ শুক্রবার রাতে স্থগিত করা হয়। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় জেলার শতাধিক মাদ্রাসার প্রিন্সিপালদের জরুরি বৈঠকে মঙ্গলবার পৌর মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাসুল এবং নামাজসহ ইসলামের মৌলিক বিষয়ে কতিপয় ব্লগার কর্তৃক অবমাননাকর বক্তব্য কটূক্তির প্রতিবাদে এ মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা সাজিদুর রহমান, মুফতি মোবারক উল্লাহ, মওলানা রহমতউল্লাহ, মুফতি এনামুল হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন। বৈঠকে ধর্মপ্রাণ মুসলমানদের মিছিলে গুলিবর্ষণ করে ৪ জনকে হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করা হয় । আজ রবিবার হরতালেও প্রিন্সিপালদের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে। সমাবেশ সফল করতে সোমবার সারা জেলায় ঝটিকা সফরের সিদ্ধান্ত হয়।