শুক্রবার জুমার নামাজের পর সমমনা ইসলামী দলগুলোর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গণজাগরণ মঞ্চ ভাংচুর ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় বিভিন্ন স্থানে মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দায়ের করা এসব মামলায় কমপক্ষে ২৫ সহস াধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টা পর্যন্ত এসব ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত ও বিভিন্ন ইসলামী দলের ২ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বগুড়া ঃ শহরের সাতমাথায় ‘প্রজন্ম মঞ্চ’ ভাঙচুর এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই ) আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি করেন। সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা আলমগীর হুসাইনকে মামলার প্রধান আসামি করা হয়েছে। গতকাল পর্যন্ত এ মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, কৌশলগত কারণে আসামিদের পরিচয় গোপন রাখা হচ্ছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
গোদাগাড়ী (রাজশাহী) : উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালিয়ে ‘২১ শে মঞ্চ’ ভাংচুরের অভিযোগে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল ৩ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামকে এবং মহিশালবাড়ী আদর্শপাড়া গ্রামের জারজিস মোল্লার ছেলে ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলীকে তাদের বাড়ির সামনে থেকে আটক করা হয়। রবিউল গোদাগাড়ী পৌরসভার মেয়র আমিনুল ইসলামের ছোট ভাই এবং শওকত আলী গোদাগাড়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
চাঁদপুর ঃ গণজাগরণ মঞ্চ ভাংচুরের ঘটনায় জড়িত ইসলামী সমমনা দলের ১২শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে ২টি মামলা করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ। শনিবার সকালে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান মোল্লা বাদী হয়ে এ মামলা ২টি করেন। দুই মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে আসামী করা হয় বিএনপি, জামায়াত-শিবিরসহ ইসলামী সংগঠনের নেতা-কর্মীদের। এদের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা, আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করা ও পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।
এদিকে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীসহ ৫১ জনকে আটক করেছে পুলিশ। এস আই মাহবুবুর রহমান জানান, এদের মধ্যে ১০ জনকে হামলা-সংঘর্ষের সময় এবং বাকিদের রাতে আটক করা হয়। তাদের অধিকাংশই জামায়াত-শিবিরের কর্মী।
নোয়াখালী ঃ মাইজদীতে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনায় জামায়াত-শিবিরের সহস াধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সুধারাম থানার এসআই মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন। শুক্রবার রাতে দায়ের করা এই মামলায় ৮০ জনকে এজাহারভুক্ত ও আরও এক হাজার অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
জেলার বিভিন্ন থানা এলাকায় শুক্রবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৪ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
সেনবাগ ঃ সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবেরহাট বাজারে মুসল্ল¬¬ীদের সঙ্গে স্থানীয় যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলায় জামায়াতের শাহেদসহ ১৭জন নেতা-কর্মীসহ ৬২জনকে আসামি করা হয়। মামলার বাদী হয়েছেন- স্থানীয় যুবলীগ নেতা মো. সালাহ উদ্দিন। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে আশরাফ হোসেন (২৫) নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে।
জয়পুরহাট ঃ শুক্রবার জুম্মার নামাজ শেষে তৌহিদী জনতার মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ১৫ ব্যক্তির নামে এবং ১৮শ’ থেকে ২হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। রাতে সদর থানার দারোগা হাসমত আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মঠবাড়িয়া ঃ জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগে স্থানীয় জামায়াত-বিএনপির ৩৯ জন নেতা-কর্মীসহ অজ্ঞাত ৩/৪শ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি নেতা কামাল উদ্দিন আকন, জামায়াত নেতা শাহীন মাহমুদ, মাদ্রাসা শিক্ষক মাওলানা গোলাম কবির, জামায়াত কর্মী মোশারেফ, শিবির কর্মী সাইফুল্লাহ মুনসুর ও সজীবকে গ্রেফতার করে। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ নওরোজ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় শুক্রবার রাতে এ মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পরশুরাম ঃ ফেনীতে শহীদ মিনারে গণজাগরণ মঞ্চ ভাংচুরসহ বিভিন্ন ঘটনায় শুক্রবার রাতে পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে ৩২ জন জামায়াত-শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে ফেনী মডেল থানায় ২৯ জন, দাগনভূঁঞা থানায় ২ জন এবং পরশুরাম মডেল থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
লালপুর (নাটোর) ঃ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাবকে লালপুর উপজেলা মোড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি উপজেলার বিরোপাড়া মহল্লার বাসিন্দা।
শ্রীপুর (মাগুরা) ঃ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফকরুদ্দিন মিজানকে (৪৭) শুক্রবার সন্ধ্যায় নাকোল গ্রাম থেকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। তিনি নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের ইসলাম শিক্ষার শিক্ষক । তার নামে মাগুরা সদর থানায় ভাংচুরের মামলা রয়েছে।
কুমিল্লা ঃ জেলার ৪ উপজেলা থেকে শুক্রবার রাতে ও গতকাল শনিবার জামায়াত-শিবিরের ২০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট ঃ জেলায় শুক্রবার মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবির ও সমমনা ১২ ইসলামী দলের পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে। গতকাল শনিবার ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫ হাজার জনকে আসামি করে সিলেট কোতয়ালী থানায় দ্রুতবিচার ও সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদি হয়ে মামলা দু’টি করেছে। মামলায় বিএনপির কয়েকজন নেতাকেও আসামি করা হয়েছে। তবে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৫৬ জনকে আটক করেছে।
