ইসলামী ঐক্যজোটের অন্যতম প্রতিষ্ঠাতা শরিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে। ইসলামী কিতাব তছনছ করেছে। শুক্রবার গভীর রাতে হামলাকারীরা তালা ভেঙ্গে পুরানা পল্টনস্থ অফিসে প্রবেশ করে এবং অফিসের টেবিল, চেয়ার, আলমারিসহ সকল আসবাবপত্র এবং কম্পিউটার ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।
পার্টির সভাপতি মাওলানা মোঃ আবদুর রকিব ও মহাসচিব মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী গতকাল এক বিবৃতিতে পার্টি অফিসে হামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন, এতে ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। ভিন্ন মত পোষণকারী রাজনৈতিক দলের অফিসে হামলা করে হুমকি-ধমকি ও ভীতি প্রদর্শন করার মাধ্যমে নেজামে ইসলাম পার্টিকে আন্দোলন থেকে নিষ্ক্রিয় করা যাবে না।
অপর এক বিবৃতিতে পার্টির সভাপতি মাওলানা মোঃ আবদুর রকিব এ্যাডভোকেট ও মহাসচিব মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী ইসলাম বিদ্বেষী ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
