নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় নগরী ও জেলা-উপজেলা পর্যায়ে গতকাল শনিবার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
খুলনা অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকালে খুলনা মহানগর ও জেলা বিএনপি নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি। সমাবেশে নেতৃবৃন্দ ইসলাম ধর্মের অবমাননা এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তিকারীদের শাস্তি ও মুসল্লিদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম নূরুল ইসলাম, মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্তুজা, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, কওসার জমাদ্দার, শেখ মোশারফ হোসেন, জলিল খান কালাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, রেহানা ঈসা প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরী প্রদক্ষিণ করে।
রাজশাহী অফিস জানায়, রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দুপুর ১২টার দিকে নগরীর মালোপাড়াস্থ কাবিল ম্যানসনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মনিচত্বর ও সাহেববাজার জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে। এর আগে নগরীর ভুবনমোহন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল, বোয়ালিয়া থানা সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাফিক, রাজপাড়া থানার সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
যশোর অফিস জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর দাবিতে শনিবার দুপুরে যশোরে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। শহর প্রদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, আনিসুর রহমান মুকুল প্রমুখ।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের রাজবাড়ী মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা মীর হালীমুজ্জামান ননী, আলহাজ্ব মো. সোহরাব উদ্দিন, ডা. মাজহারুল আলম, সোলাইমান আলম, সাখাওয়াত হোসেন সবুজ, সরাফত হোসেন, সৈয়দ হাসান সোহেল, হুমায়ুন কবীর রাজু, জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ। বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এ দাবি মেনে নিতে বাধ্য করা হবে।
