সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, যারাই শুক্রবার তাহমিদকে নিয়ে মিছিলে এসেছে, তারাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাহমিদের স্মৃতিচারণ করে মেয়র বলেন, ছেলেটি প্রতিদিন প্রজন্ম চত্বরে আসতো, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শ্লোগান দিতো। তিনি বলেন, শহীদ মিনার ভেঙ্গে, জাতীয় পতাকা পুড়িয়ে পুলিশের উপর হামলা চালিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না।
গতকাল শনিবার নগরীর কোর্ট পয়েন্টে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক সংগঠন ও সর্বসাধারণের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, বিএমএ ভবন, ট্রাস্ট ব্যাংকসহ শান্তি-সম্প্রীতির শহর সিলেটের নানা প্রতিষ্ঠানে জামায়াত-শিবির এবং বিএনপির নগ্ন হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বক্তৃতায় মেয়র কামরান আরো বলেন, জামায়াত-শিবির-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। বিভিন্ন মসজিদ থেকে বিএনপি-জামায়াতের নেতারা নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে এসে শহীদ মিনারে গণজাগরণ মঞ্চে হামলা করেছেন।
সমাবেশে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, সংসদ সদস্য সৈয়দা জেবুনেনছা হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুদ্দোহা, গণতন্ত্রী পার্টির ব্যারিস্টার আরশ আলী, ন্যাপ-এর সৈয়দ আব্দুল হান্নান, জাসদ সভাপতি কলন্দর আলী প্রমুখ বক্তব্য রাখেন।
