কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকা ১ নম্বর ইসলামপুর ইউনিয়নে টিলা ধসে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে শারপিন টিলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের ওয়াহাব আলীর পুত্র আব্দুল কাদির (২৫), দক্ষিণ সুরমা উপজেলার বেতুয়ারমুখ গ্রামের জিতু মিয়ার পুত্র নাজিম উদ্দিন (৩০) ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার গজারিয়া গ্রামের মৃত শহিদ মিয়ার পুত্র আলাল হোসেন (৩২)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শারপিন টিলায় পাথর উত্তোলনে শ্রমিকরা কাজ করছিল। এসময় টিলা ধসে শ্রমিকরা মাটিচাপা পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে। পুলিশ আসার আগেই তাদের দাফন সম্পন্ন হয়। বনগাঁও গ্রামের মাহমুদ আলীর পুত্র জমরাজ আলীসহ দুইব্যক্তি আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
