যুক্তরাষ্ট্রের ছয়টি ট্যাঙ্কের তেজষ্ক্রিয় বর্জ্য নির্গত হচ্ছে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি ভূর্গস্থ পরমাণু সংরক্ষণাগারের ছয়টি ট্যাঙ্ক থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হচ্ছে। হ্যানফোর্ড পরমাণু সংরক্ষণাগার থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গতের খবরকে ‘বিরক্তিকর’ বলে বর্ণনা করেন ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লি। তবে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান অবস্থা জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়। খবর বিবিসির। হ্যানফোর্ডে প্রায় দুইশ ট্যাঙ্কে লাখ লাখ লিটার তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষিত আছে। গভর্নর ইনস্লি এক বিবৃতিতে বলেন, কলম্বিয়া নদী থেকে পাঁচ মাইলের বেশি দূরে অবস্থিত এই পরমাণু সংরক্ষণাগার থেকে বর্জ্য নির্গতের ঘটনা তাত্ক্ষণিক অথবা কাছাকাছি সময়ে স্বাস্থ্যের জন্য হুমকি নয়। তারপরও ওয়াশিংটনবাসীর জন্য এটি বিরক্তিকর খবর। গত সপ্তাহে একটি ট্যাঙ্ক থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হওয়ার খবর পাওয়া যায়। কর্মকর্তারা বলছেন, বর্জ্য নির্গতের হার বছরে ৩০০ গ্যালন (১,১৩৬ লিটার)। পরীক্ষায় দেখা গেছে, ট্যাঙ্কের কাছে উচ্চ মাত্রার তেজস্ক্রিয়া পাওয়া যায়নি। ১৯৪৩ সালে ম্যানহাটান প্রকল্পের অংশ হিসেবে এটি স্থাপন করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমার জন্য এখান থেকে প্লুটুনিয়াম উত্পাদন করা হয়েছিল। ১৯৮৯ সাল পর্যন্ত এটি উত্পাদনে ছিল।