জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্র শিবিরের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। শাহবাগ গণজাগরণ মঞ্চের ব্লগাররা এই ওয়েবসাইটটি হ্যাকড করেছে। শুক্রবার রাত থেকে ওয়েবসাইটের মূল পাতায় ‘বিডি এক্সটর’ নাম টানিয়ে দিয়ে তা হ্যাকড করা হয়েছে। এতে আরো লেখা হয়েছে ‘মাই ওয়্যার ইজ ডিক্লেয়ার্ড এ্যাগেইন্সট ইউ’। এই ওয়েবসাইটটি হ্যাকড করে শাহবাগ প্রজন্ম চত্বরের নামে উত্সর্গ করা হয়েছে।
অন্যদিকে, এই হ্যাকের পর শনিবার সকাল ১১টার দিকে শিবিরের ওয়েবসাইটের মূল পাতা থেকে হ্যাকার বাহিনীর টানিয়ে দেয়া ‘বিডি এক্সটর’ শিরোনাম সরিয়ে ফেলা হয়েছে। এখন শিবিরের এই ওয়েবসাইটে শুধু তাদের দলীয় নাম ও সংগঠনের কয়েকটি শাখার কথা উল্লেখ রয়েছে। তবে শাখাগুলির মূল পাতায় কোনো তথ্য নেই।
এদিকে, ছাত্র শিবিরের ‘মুসলিম সাইবার টিম’ নামে একটি হ্যাকার বাহিনী বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে সফল হতে পারেনি। সরকারের ই-কোষ ওয়েবসাইটটি হ্যাকড করার কিছু সময় পর আবার সচল হয়ে যায়।
এ ব্যাপারে র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বলেন, র্যাবের কমিউনিকেশন শাখা এসব হ্যাকের ঘটনা তদন্ত করছে। যেসব ব্লগে ইসলাম ধর্মের নামে অপপ্রচার করা হয়েছে তা প্রকৃত ব্লগারের মাধ্যমে ঘটেনি। অন্য একটি চক্র ভুয়া আইডি ব্যবহার করে নিহত ব্লগার রাজীবের নামে ব্লগ তৈরি করেছে। এ বিষয়টিও র্যাব তদন্ত করে নিশ্চিত হয়েছে।
ওয়েবসাইট হ্যাক করা ও ধর্মের নামে অপপ্রচার চালানোর বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ব্যাপারে ডিবির উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, যেসব ব্লগে রাজীবের নাম-পরিচয় ব্যবহার করে ইসলাম ধর্মের নামে অপপ্রচার চালানো হয়েছে তাতে ভুয়া আইডি ব্যবহার করা হয়েছে।
