২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১৩’ তৃতীয় দিনেও উত্তাপ ছড়াতে পারেনি ক্রেতা-বিক্রেতাদের মাঝে। মেলা ঘুরে দেখা গেছে, প্রায় সব স্টল-প্যাভিলিয়ানই ক্রেতা-দর্শনার্থী শূন্য। ঢাকার বিজয় স্বরণীর জাতীয় সামরিক জাদুঘরে এক্সপো মেকার নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এই চার দিনব্যাপী কিউবি ল্যাপটপ ফেয়ারের আয়োজন করে। জাতীয় সামরিক জাদুঘরের প্রাঙ্গণে অস্থায়ী প্যান্ডেল টানিয়ে এই মেলার আয়োজন করা হয়। এতে ৬টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন এবং প্রায় ৪০টির মতো স্টলে বিভিন্ন ধরনের ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট পিসি এবং কম্পিউটার অ্যাকসেসরিজ প্রদর্শিত হচ্ছে। মেলায় রয়েছে গিগাবাইট ও এএমডি’র সৌজন্যে সুসজ্জিত ফ্রি গেমিং জোন। তবে এই ফ্রি গেমিং জোনও দর্শনার্থীদের আকৃষ্ট করতে পারেনি। এদিকে ল্যাপটপ ফেয়ারে ডেল, ফুজিত্সু’র মতো নামি-দামি ব্র্যান্ডের ল্যাপটপের অনুপস্থিতি মেলার আকর্ষণকে অনেকটাই কমিয়ে দিয়েছে। মেলায় ল্যাপটপ কিনতে আসা একজন দর্শনার্থীর কথাতেও তার প্রমাণ মিলল। তিনি বললেন, ‘এখানে বিশেষ কোনো মূল্যছাড় নেই এবং সব ব্র্যান্ডের ল্যাপটপও নেই।’ তাই পছন্দমতো ল্যাপটপ কিনতে তিনি আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটিতে যাচ্ছেন বলে জানালেন। মেলায় আরও অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করার কথা থাকলেও তারা শেষ পর্যন্ত অংশগ্রহণ করেনি। তাই বাধ্য হয়েই মেলা কর্তৃপক্ষকে মেলা প্রাঙ্গণ কমিয়ে ছোট করে আনতে হয়েছে। মেলায় ক্রেতা-দর্শনার্থীর সামগম না হওয়ায় স্টল মালিকরাও হতাশা ব্যক্ত করেছেন। ক্রেতা দর্শনার্থী সামগম ঘটানোর জন্য মেলাটি একদিন বাড়ানো হবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
