বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে স্বীকৃত অস্কার যেকোনো শিল্পী, পরিচালক কিংবা কলাকুশলীর জন্যই বড় এক অর্জন। আর এই অর্জনের স্বীকৃতিটি যখন ঘোষণা করা হয় হাজারো দর্শকের সামনে তখন খানিকটা মানসিক চাপ অনুভব করাও হয়তো অবাস্তব কিছু নয়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় একদল গবেষক জানিয়েছেন, মানসিক এই চাপ বা অস্কার পেয়ে আনন্দে কেঁদে ফেলার মতো ঘটনা আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি হারেই ঘটছে। বিশেষ করে অস্কারের ৮৫ টি আসরের মধ্যে গেল ১৩টি আসরেই শিল্পীদের আনন্দাশ্রু বিসর্জনের হার বেড়েছে উল্লেখযোগ্য হারে। অস্কারের মূল আয়োজনের ভিডিওচিত্র বিশে¬ষণ করে এবং সর্বমোট ২০৭ জন বিজয়ী অভিনেতা-অভিনেত্রীর অস্কার বক্তব্য বিশে¬ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যে দেখা যায় ১৯৯৫ সালের আগ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে অস্কার জেতা শিল্পীরা যতটা না কেঁদেছেন তার চেয়ে এর পরের আসরগুলোতে শিল্পীদের কান্না বেড়েছে ৭১ শতাংশ। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক ইউনিভার্সিটির গবেষক রেবেকা রলফ্ জানান, তাদের পক্ষে প্রথম দিকের অস্কার আয়োজনগুলোর ভিডিও জোগার করা সম্ভব না হলেও সবমিলিয়ে ৫০টি আসরের ভিডিও চিত্র সংগ্রহ করা সম্ভব হয়। আর এথেকে দেখা যায় যে, অন্য যেকোনো ক্যাটাগরির অস্কার বিজয়ীদের চাইতে অভিনেত্রীরা চোখের পানি ঝড়ান অনেক বেশি। তবে এটিকে স্রেফ লোক দেখানো কান্না বা আরও এক দফা অভিনয় বলে মনে করেন না রেবেকা রলফ। তার ধারণা, অস্কার পদকটি পাওয়ার পর একজন শিল্পী বা অভিনেত্রী কী বললেন বা কীভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এখন এ বিষয়টি সবার কাছেই খুব আগ্রহের একটি বিষয়। তা ছাড়া দর্শকদের এই প্রত্যাশার চাপ মানে যে শুধুমাত্র অস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকা সেলিব্রেটিদের চাপ তা নয়, বরং টিভি পর্দায় চোখ রাখা এবং অস্কার আয়োজনের সরাসরি সম্প্রচার দেখা হাজারও দর্শকের কথাও মাথায় থাকে অভিনেত্রীদের। আর প্রত্যাশার এই চাপ অভিনেত্রীদের অবচেতন মনে যে মানসিক চাপের সৃষ্টি করে সেই চাপ থেকেই তারা কেঁদে ফেলতে পারেন বলে ধারণা গবেষকদের। এদিকে মজার বিষয় হলো, যে দর্শকরা দিনের পর দিন ধরে অস্কারের এইসব আয়োজন টিভি পর্দায় বা সরাসরি উপভোগ করছেন তারাও কিন্তু শিল্পী বা কলাকুশলীদের এই প্রথাগত প্রতিক্রিয়া বা কেঁদে ফেলা পছন্দ করেন। কাজেই নতুন কিছু করে প্রত্যাখ্যাত হওয়ার চেয়ে চিরাচরিত কান্না বা চিত্কার দর্শকদের দৃষ্টিকোণ থেকে বেশি গ্রহণযোগ্য বলেও হয়তো কেউ কেউ তা করে থাকতে পারেন।
