গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০২
অস্কারের মতো সম্মানজনক আসরে সেরা অভিনেতা বা অভিনেত্রীর পুরস্কার পাওয়া যেমন সহজ কথা নয় তেমনি সহজ নয় এ মাপের একটি প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত হবার জন্য মনোনয়ন পাওয়াও। আর সেরা অভিনেত্রীর পুরস্কারের ক্ষেত্রে সবচেয়ে কম বয়সে অস্কার মনোনয়ন বা নমিনেশন পেয়ে যিনি রেকর্ড গড়েছিলেন তিনি হলেন নিউজিল্যান্ডের অভিনেত্রী কেইশা ক্যাসল-হাগস। ১৯৯০ সালের ২৪ মার্চ জন্ম নেওয়া এই অভিনেত্রী ২০০৪ সালের অস্কার আয়োজনে মাত্র ১৩ বছর ৩০৯ দিন বয়সে সেরা অভিনেত্রীর মনোনয়ন লাভ করেন। তবে মজার বিষয় হলো ‘হায়েল রাইডার’ নামে ২০০২ সালে নির্মিত যে চলচ্চিত্রটির জন্য কেইশা এই মনোনয়ন পান সেটি ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র এবং এটির শুটিং এ অংশ নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ১১। কেইশার আগে বা পরে অস্কারের ৮৪টি আয়োজনে এমন কৃতিত্ব আর কোনো অভিনেত্রীই দেখাতে পারেননি।