নাম্বার ওয়ান চাপাবাজ

আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:২১

পুরো স্কুুলে নাম্বার ওয়ান চাপাবাজ হিসেবে বেশ সুখ্যাতি ছিল আমার! অবশ্য আমি সেসময় জানতামই না যে কেন সকলে আমাকে চাপাবাজ বলে! আমি যতটুকু বুঝতে পারি তাতে যে হিসেবে ওরা আমাকে চাপাবাজ বলত, সে হিসেবে শুধু আমিই নই, আমার আরো কয়েকজন বন্ধু ছিল, যারা চাপা মারতে পারত খুব! তবে চাপাবাজিই হোক আর গুটিবাজই হোক, আমরা একেকজন অন্যদের ছাড়িয়ে যেতে চাইতাম কথা দিয়ে। বলা যায়, আমাদের মধ্যে একটা ঠাণ্ডা যুদ্ধ ছিল। এই যেমন ধরুন ক্লাসে একদিন সুমন বলল, ‘জানিস আমার দাদু মুক্তিযোদ্ধা ছিল?’

সুমনের গর্বিত ভাব দেখে আমরা একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করলাম। সজীব বলল, ‘আমার দাদু তো ভাষাসৈনিক ছিল!’

সজীবের কথা শুনে তো আমি অকূল পাথারে পড়লাম, যে করেই হোক কিছু একটা বলে ওদের দমাতেই হবে! অল্প কিছুক্ষণ চুপ থাকার পর অট্টহাসি দিয়ে বললাম, ‘আমার দাদু কী ছিল জানিস?’

সবাই চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, ‘কী?’

মুচকি হেসে বললাম, ‘হেঃ হেঃ, আমার দাদু ব্রিটিশবিরোধী ছিলেন! তিনি ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন!’

বুঝতে পারছেন আমার চাপাবাজির নমুনা? বোঝেননি? তাহলে আরেকটা ঘটনা বলি! একদিন বন্ধুদের সঙ্গে আড্ডা চলছিল, যে যার মতো চাপা মেরে চলেছে দেদারসে! ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সিনেমাজগত্—সব নিয়ে বিশাল বিশাল জ্ঞানগর্ভ আলোচনার একপর্যায়ে আড্ডার বিষয়বস্তু হয়ে এল ক্রিকেট! আমরা সবাই বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টার। কিন্তু এরপরও সেকেন্ড চয়েজ হিসেবে একেক জন একেক দলকে সাপোর্ট করত। এই যেমন বন্ধু সুমন বাংলাদেশের পর ইন্ডিয়ান ক্রিকেট টিমের অন্ধভক্ত ছিল, ইন্ডিয়ার খেলা চললে টিভিতে মুখ গুঁজে পড়ে থাকত! আর রোহানের পছন্দ ছিল পাকিস্তান ক্রিকেট টিম। পাকিস্তান ক্রিকেট টিমের বিপক্ষে কেউ কিছু বললেই রোহান রেগে একাকার হয়ে যেত। আর আমি? আমি কোনো কারণ ছাড়াই অস্ট্রেলিয়াকে পছন্দ করতাম।

যাই হোক, কে সেরা, কেন সেরা এসব নিয়ে বিস্তর আলোচনা হলো, তর্ক হলো। একপর্যায়ে কথা উঠল—কে কী কারণে এসব দলকে পছন্দ করে?

একপাশ থেকে জিজ্ঞেস করা হলে সুমন বলল, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাছাড়া ওরা আমাদের মুক্তিযুদ্ধের সময় সাপোর্ট করেছিল। ওদের সাপোর্ট করা আমাদের নৈতিক দায়িত্ব!’

সুমনের যুক্তি সবার কাছেই অনেকটা যুতসই মনে হলো। তারপর সবাই তাকাল রোহানের দিকে। সজীব জিজ্ঞেস করল, ‘কীরে রোহান, ইন্ডিয়া নাহয় মুক্তিযুদ্ধে আমাদের হেল্প করেছিল বলে সুমন ওদের সাপোর্ট করে। কিন্তু পাকিস্তান তো আমাদের শত্রু ছিল, তাহলে তুই ক্যান সাপোর্ট করিস?’

রোহান আমতা আমতা করে বলল, ‘কী যে বলিস না! মেনে নিচ্ছি ওরা আমাদের শত্রু ছিল! তবে তাদের সাপোর্ট করি কারণ ওটা মুসলিম দেশ তাই।’

রোহানের যুক্তি সকলের পছন্দ না হলেও কিছুটা যুক্তি আছে বলে সবাই মেনে নিল। এরপর আমার পালা এল, দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি পড়লাম দুশ্চিন্তায়, কারণ অস্ট্রেলিয়াকে কেন আমি সাপোর্ট করি, তা আমি নিজেও জানি না। কিন্তু চুপ থাকলে তো চলবে না, সবাই হাসাহাসি করবে। শেষমেশ আমতা আমতা করে বললাম, ‘আমাদের বাড়িতে একটা অস্ট্রেলিয়ান গাভি আছে, অনেক দুধ দেয়। এজন্যই অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি।’

ঠিকানাবিহীন।