দুই বন্ধুর চাপাবাজি

আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:২২

দুই চাপাবাজ বন্ধু ছিলেন বছর দশেক কাবুল

একটা হলেন আবুল মিয়া অন্যের নাম হাবুল

চাপা পেটান দুইজনা খুব সমান সমান তালে

শুনুন কেমন চাপার ফাঁপা প্রকাশ্যে-আবডালে।

 

আবুল মিয়ার দাদার ছিল গাধার খামার বিশাল

দীর্ঘ নাকি কাবুল থেকে বাংলাদেশের ত্রিশাল

ডিগ্রিধারী দাদা একাই চালাত সেই খামার

সব গাধাকেই শিক্ষা দিত বাংলাভাষা—গ্রামার।

 

দাদার গাধার সুনাম যখন দেশ বিদেশে ছড়ায়

লোকে তখন ছেলে মেয়ে গাধার কাছেও পড়ায়

গাধার শিক্ষা দীক্ষা নিয়েই চাকরি মানুষ জোটায়

আবুল বলেন আমি দাদার নাতি গর্ব ওটাই।

 

আবুল মিয়ার গল্প শুনেই হাবুল ক্ষেপে খার

চাপাবাজির মেজাজ উঠে সপ্তমে যায় তার

বলল হাবুল আমার দাদার একটা ভীষণ লম্বা—

লগি ছিল আকাশ সমান তারচে কীসে কম বা।

 

আষাঢ় মাসে একটানা জল-বৃষ্টি ঝরত যখন

আমার দাদা লগি দিয়ে মেঘ সরাতেন তখন

প্রশ্ন করে আবুল কোথায় রাখতো এমন লগি?

হাবুল তুমি পুরোদমেই বলছ ভোগিজোগি।

 

এই লগিটা থাকত কোথায় বোঝাও দেখি আমারে

হাবুল বলে রাখত সেটা তোমার দাদার খামারে।

 

স্টেশন রোড, চুয়াডাঙ্গা।