বরিশালে ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম চিহ্নিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৪
বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট বরিশালে ইলিশের ৬ষ্ঠ অভয়াশ্রম চিহ্নিত করেছে। উক্ত অভয়াশ্রম প্রতিষ্ঠিত হলে দেশে ইলিশের মোট উত্পাদন ৪ লক্ষ টনে উন্নীত হবে। ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ পর্যন্ত সারা দেশব্যাপী ‘ইলিশ সপ্তাহ’ শুরু হবে। বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর ময়মনসিংহ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র, চাঁদপুরের ইলিশ বিজ্ঞানীদের ধারাবাহিক গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে ইলিশ/জাটকার অব্যাহত প্রাচুর্যতার নিরিখে জাটকার বিচরণ ক্ষেত্র হিসেবে ৬ষ্ঠ ইলিশ/জাটকা অভয়াশ্রম ঘোষণার জন্য ইনস্টিটিউট হতে ইতিমধ্যেই মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এর আগে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণালব্ধ ফলাফলের প্রেক্ষিতে সরকার ২০০৩-০৪ সালে ৪টি অভয়াশ্রম যথাক্রমে নিম্ন মেঘনা নদী, শাহবাজপুর চ্যনেল, তেঁতুলিয়া নদী, আন্ধার মানিক নদী (পটুয়াখালী) এবং ২০১০ সালে ৫ম অভয়াশ্রম হিসেবে পদ্মা নদীর নিম্নাংশ (শরীয়তপুর) অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেন। অনুকূল পরিবেশ নিশ্চিত হওয়াই বরিশাল জেলার হিজলা উপজেলার ধর্মগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশ/জাটকার নতুন (৬ষ্ঠ) অভয়াশ্রম ঘোষণার প্রস্তাব পেশ করা হয়। বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. সুভাস চন্দ্র চক্রবর্তী বলেন, ৬ষ্ঠ অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হলে ইলিশের উত্পাদন অচিরেই ৪ লক্ষ টনে উন্নীত হবে।