কমলগঞ্জের বনাঞ্চলে বৃহস্পতিবার গাছ চুরির সময় বনকর্মীর গুলিতে এক ব্যক্তি নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বন কর্মকর্তাসহ দুই জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বন বিভাগ নিহত গাছ চোরসহ ২৫ জনের হামলা ও গাছ চুরি চেষ্টার অভিযোগ এনে মামলা দায়েরের পর নিহতের চাচা বাদি হয়ে বন কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিহতের চাচা বলরাম ভৌমিক বাদি হয়ে কুরমা বনবিট কর্মকর্তা রবিন সিংহের নাম উল্লেখসহ আরও এক বনকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, জ্বালানি কাঠ সংগ্রহকালে বনকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় গুলিতে অধীর আহত হলে সিলেট হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়। মামলার বাদি বলরাম ভৌমিক জানান, বনকর্মীদের উপর কোন প্রকার হামলা করা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশেই বনকর্মীরা গুলি ছোঁড়ে।
রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য বলেন, গাছ চুরি করতে এসে এক ব্যক্তি আহত হয়ে পরে মারা গেছে। এখন বন বিভাগের মামলা প্রতিহত করতেই উল্টো বন কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ বলেন, উভয় মামলায় তদন্ত করে দেখা হবে।
