রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় উত্পাদিত কলম্বো লেবু দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রফতানি হচ্ছে। কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ২৪ ইউনিয়নে ছোট-বড় অন্তত আড়াইশ বাগানে এখন কলম্বো লেবুর চাষ হচ্ছে। শীতকালে লেবুর ফলন খানিকটা কম হলেও সপ্তাহে অন্তত একবার গাছ থেকে লেবু সংগ্রহ করা যায়। অন্য সময় প্রায় প্রতিদিনই লেবু সংগ্রহ করা যায়। অন্যান্য ফসলের তুলনায় লেবু বেশি লাভজনক হওয়ায় চাষিরা পর্যায়ক্রমে লেবু চাষে ঝুঁকছে। বিদেশে প্রতি কেজি লেবু দেড়শ থেকে দুইশ টাকায় বিক্রি হয়ে থাকে। তারা লেবুর ছাল সালাত হিসাবেও ব্যবহার করে থাকেন। লেবু ক্রয় করতে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এলাকায় এসে নিজ হাতে বাগান থেকে লেবু সংগ্রহ করেন। এ লেবু পাইকারদের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেনজীর আলম জানান, কৃষি অধিদফতরের সহযোগিতায় বর্তমানে উপজেলায় অন্তত আড়াইশ বাগানে কলম্বো লেবু চাষ হচ্ছে। এটি একটি অত্যন্ত লাভজনক ফসল। এভাবে কৃষকদের আগ্রহ অব্যাহত থাকলে এ উপজেলায় লেবু চাষে বিপ্লব ঘটার সম্ভাবনা রয়েছে।
