যশোরের চৌগাছায় শিক্ষা সফরে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একজন ছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার বাঘারপাড়া উপজেলার পিএইচএল দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মেহেরপুর জেলার মুজিবনগর শিক্ষা সফরে যাচ্ছিল।
পথিমধ্যে যশোর-চৌগাছা সড়কের নজরুলের ভাটার নিকট পৌঁছালে বাসের ছাদের উপর থাকা নবম শ্রেণির ছাত্র ওসমান গনি (১৫) ও হাসিবুল (১৫) গাছের ডালে ধাক্কা লেগে আহত হয়। তাদেরকে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ওসমান গনিকে মৃত বলে ঘোষণা করেন। হাছিবুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওসমান গনি বাঘারপাড় উপজেলার পুকুরিয়া গ্রামের মশিয়ার রহমানের পুত্র এবং হাসিবুলের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়।
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের শৈলকুপায় মাইক্রোবাস উল্টে চালক হানিফ আলি (৩৪) নিহত ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার ভোর ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মাইক্রো চালক খুলনার লবণচারার মফিজ উদ্দিনের ছেলে।
শৈলকুপা থানার ডিউটি অফিসার এস আই কবির হোসেন জানান, তনুশ্রী নামে এক ছাত্রীর বাবা নিতাই পদ রাজশাহীতে মারা যান। খবর পেয়ে তনুশ্রী ও সহপাঠিরা মাইক্রোযোগে রাজশাহী যাচ্ছিলেন। বড়দাহতে একটি স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। ঘটনাস্থলে মাইক্রো চালক মারা যায়। স্থানীয় লোকজন খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। পরে ৮ জনকে খুলনা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। সবুজ নামে একজনের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানায়।
