জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া গ্রামের হারামতি নদীর ধার থেকে ২শ’ বিভিন্ন প্রজাতির গাছ ও প্রায় ৪ হাজার বাঁশ কর্তন করেছে দুর্বৃত্তরা। গাছ ও বাঁশগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ বিষয়ে পাঁচবিবি থানায় অভিযোগ করা হয়েছে। কাঁকড়া গ্রামের হারামতি নদীর দু’ধারের বনাঞ্চল থেকে অসংখ্য গাছ কাটার চিহ্ন। বিভিন্ন প্রজাতির কাটা গাছের মধ্যে ইউক্যালিপ্টাস, জাম, রেইনট্রি রয়েছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা গাছ কেটে বিক্রি করছে। গাছের ও জমির মালিকরা গাছ কাটায় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাদেরকে প্রাণনাশের হুমকি দেয় বলে তারা অভিযোগ করেন। আওলাই ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, ঐখানে ৪৩ একর জমির মধ্যে জলাশয় ও গো-চারণ ভূমি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত ছিল। গত আমন মৌসুম থেকে কাঁকড়া গ্রামের রফিকুল ইসলাম ও আব্দুল রাজ্জাকের নেতৃত্বে কতিপয় ব্যক্তি জোরপূর্বক বনাঞ্চল নিধন ও জমি জবরদখল করছে। এ ব্যাপারে তাদের আমি নিষেধ করেও গাছ, বাঁশ কাটা ও জমি জবরদখল করা বন্ধ করতে পারিনি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আওলাই ইউনিয়ন চেয়ারম্যান আমাকে বলেছেন- উক্ত সম্পত্তি সরকারি খাস খতিয়ানে নেই। কারো কোন অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।
