সিরাজগঞ্জে পুলিশী নির্যাতনে মৃত্যু

এখনও মামলা হয়নি, চলছে সমঝোতার চেষ্টা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
পুলিশী চাঁদাবাজি ও নির্যাতনের ঘটনায় সিরাজগঞ্জে যুবক নিহত হওয়ার ২ দিন পরও কোন মামলা হয়নি। এমনকি অভিযুক্ত দুই দারোগার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ-সমাবেশ হলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এদিকে অভিযুক্ত দুই দারোগাকে বাঁচাতে এবং মাদক পল্ল¬ীতে নিয়মিত পুলিশী চাঁদাবাজির ধামাচাপা দিতে কতিপয় রাজনৈতিক নেতা, মাদক ব্যবসায়ী, দালালচক্র ও পুলিশের সমন্বয়ে চলছে সমঝোতার চেষ্টা। অভিযোগে প্রকাশ, চাঁদাবাজির ১০ হাজার টাকা আনতে গিয়ে বুধবার রাতে মাদক পল্ল¬ী মাহমুদপুরে মাদক ব্যবসায়ী রহিজ উদ্দিনের ছেলে ফরিদ সদর থানার দারোগা আব্দুস সালাম ও সেলিমের নির্যাতনে ঘটনাস্থলে নিহত হয়। এর প্রতিবাদে ও অভিযুক্ত দুই দারোগার শাস্তির দাবিতে রাতেই লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও পুলিশের ওপর চড়াও হয় বিক্ষুব্ধ জনতা ঘটনার দুদিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি। এদিকে মাদকপল্লীতে পুলিশের চাঁদাবাজি ও নির্যাতনের কারণে হত্যার ঘটনা ঘটলেও মাদক ব্যবসা আগামীতে নির্বিগ্ন করতে গোপন সমঝোতার প্রক্রিয়া চলছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মাদক ব্যবসায়ী জানান, জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা দুষ্কর। যে কারণে নিহতের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে পুলিশের সাথে দ্বন্দ্ব করতে আগ্রহী হচ্ছে না। এ বিষয়ে নিহতের পিতা রহিজ উদ্দিন বলেন, পুলিশের ওপর আস্থা না থাকায় কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রশাসন ও নেতাদের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হচ্ছে তবে এখনো বৈঠক হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে ওই দুই দারোগার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।