গোপালগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে শহরতলীর ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে মানকদহ ও সোনাকুড় গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাদ্দাম শেখ (২৪), মাহবুব শেখ (২০), নাঈম শেখসহ (১৫) ও গুরুতর আহত ৪ জনকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিয়ে আগেও বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। শনিবার মানিকদহ গ্রামের ৬/৭ জন যুবক ওহাব স্কুলের কাছে গেলে সোনাকুড় গ্রামের লোকজন তাদের ধাওয়া করে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামের লোকের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
