নওগাঁয় হকারদের সঙ্গে যুবলীগ কর্মীদের সংঘর্ষ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
জামায়াত সমর্থক কয়েকটি পত্রিকা পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে নওগাঁয় সংবাদপত্র বিক্রেতা হকারদের সঙ্গে স্থানীয় যুবলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হকাররা ক্ষুব্ধ হয়ে শনিবার সকালে নওগাঁয় সরবরাহ করা দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ ও ডেইলি ষ্টারসহ সকল পত্রিকা পুড়িয়ে দিয়েছে। হকাররা জানান, শনিবার বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড়স্থ গাঁজা সোসাইটি প্রাঙ্গণে তারা সমবেত হয়ে পত্রিকা সংগ্রহ করার সময় যুবলীগের কয়েকজন কর্মী হকারদের নিকট থেকে জোর করে বেশকিছু আমার দেশ, নয়াদিগন্ত ও ইনকিলাব পত্রিকা ছিনিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় হকারদের সঙ্গে যুবলীগ কর্মীদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ হকাররা প্রধান সড়কের উপরে সকল দৈনিক পত্রিকা জড়ো করে তাতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।