আড়াইহাজারের হাটবাজারে ফরমালিনের ছড়াছড়ি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪০
ফরমালিনমুক্ত করার উদ্যোগ নিলেও আড়াইহাজার উপজেলার হাট-বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে ভেজাল খাদ্যদ্রব্য। সপ্তাহ জুড়ে বিভিন্ন হাটে-বাজারে জনসচেতনতামূলক সভা,অবহিতকরণ সভা, মতবিনিময়সহ ব্যাপক প্রচারণা চালিয়ে কাজের কাজ কিছুই হয়নি। অথচ এ সকল আয়োজনে সহযোগিতা করছে হাটবাজার ও বণিক সমিতির নেতৃবৃন্দ। নিয়মিত মনিটরিং না থাকায় বাজারে আগের মতই ফিরে এসেছে ফরমালিন। উপজেলার ঐতিহ্যবাহী গোপালদীবাজারে সমপ্রতি বণিক সমিতির এক সভায় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা বাজারকে ফরমালিনমুক্ত রাখার শপথ নেন। বিশেষ করে ফলমূল,মাছ-মাংস ও তরি-তরকারি বিক্রেতারা ওয়াদা করেছিলেন ভেজাল জিনিস বিক্রি না করার। স্থানীয় দুধ বিক্রেতারাও এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন। কিন্তু সপ্তাহ না ঘুরতেই বাজারে ফরমালিন দেয়া মাছসহ অন্যান্য জিনিস বিক্রি হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩৫টির মতো হাট-বাজার রয়েছে। দেশজুড়ে ফরমালিন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি হলেও প্রান্তিক উপজেলা আড়াইহাজারে ছিল সচেতনতার অভাব। এখানে হরহামেশাই বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল। এ বিষয়ে কোন তদারকি নেই। মাঝে-মধ্যে ঝটিকা অভিযান চললেও তা চোখে পড়ার মতো নয়। এমনকি উপজেলা প্রশাসনের কাছে ফরমালিন সনাক্ত করার যন্ত্র নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান বলেন, খাদ্য ভেজালমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।