রুচি নাই

আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:২৫

সকাল বেলা খাই না বেশি

দশ বারোটা রুটি খাই,

পানির বদল ফ্রিজে থাকা

কোকের বোতল দুটি খাই।

 

দুপুর বেলা আড়াই কেজি

খাঁটি চালের পোলাও খাই,

সালাদ বাবদ শসা, গাজর,

টমেটো আর মুলাও খাই।

 

টাকি মাছের ভর্তা সহ

মুগের ডালে গাছের ওল,

গরম গরম ঝাল রেজালা

সঙ্গে মাগুর মাছের ঝোল।

 

এসব ছাড়া দুপুর বেলার

ভোজটা আমার জমেই না,

জিভটা করে টালুম টুলুম

পেটের ক্ষিধা কমেই না।

 

রাতের বেলা খাব কি আর

মুখের রুচি মোটেই নাই,

কয়েক হালি সবরি কলা

দুধ ও ভাতে ঘোঁটেই খাই।

 

শেরপুর টাউন,

শেরপুর।