দাগনভূঁঞায় সংঘর্ষ:নিহত এক আহত আট

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪১
ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ইউনিয়নে সাহাব উদ্দিন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় ৮ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঁঞার আজিজ ফাজিলপুর মুক্তারবাড়ী নামক স্থানে চট্টগ্রাম থেকে খুলনাগামী শতাব্দী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে আগে যাওয়ার জন্য সাইড নিয়ে প্রতিযোগিতা হয়। এক পর্যায়ে মাইক্রোবাসটি বাসের সামনে গিয়ে পথরোধ করে দাঁড়ায় এবং মাইক্রোবাসের যাত্রীরা লাঠিসোটা এবং ইটপাটকেল নিক্ষেপ করে বাসের কাঁচ ভাংচুর করে। উল্লেখ্য, ওই বাসের এবং মাইক্রোবাসের মালিকদের বাড়িও ঘটনাস্থল আজিজ ফাজিলপুর। খবর শুনে দুই পক্ষের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। রাত দশটার দিকে মাইক্রোবাসের মালিকের পক্ষের লোকজন বাস মালিক বাহারের বাড়িতে হামলা করে। এতে স্থানীয় দোকানদার সাহাব উদ্দিন (৩০) তাদের নিবৃত্ত করার চেষ্টা করে হামলার শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন। তিনি গ্রামের হাবিব উল্লার ছেলে। এসময় অন্তত ৪ জন আহত হয়। তাদের মধ্যে ওসমান (১৯), সুমন (১৮), রাসেল (২৮), কাজিম উদ্দিন (২৫), রফিক উদ্দিন (৫৫), আবদুল কাদেরকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা হয়েছে। দাগনভূঁঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।