ব্রাহ্মণবাড়িয়া-১ আসন দখলের প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
এক সময়ের জাতীয় পার্টির দুর্গ বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-১ আসন বিএনপি দখল করতে চাইছে। নির্বাচনের এক বছরের কম সময় বাকি থাকলেও তারা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে ভোটারের দ্বারে দ্বারে। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে (নাসিরনগর- বিজয়নগর উপজেলার একাংশ) বিএনপিতে দৃশ্যত কোন কোন্দল নেই। মূলদলসহ সকল অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায় পর্যন্ত রয়েছে নিয়মিত শক্তিশালী কমিটি। এ কারণে তাদের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত। আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন এ দলের হাল ধরার পর থেকে অবস্থার আমূল পরিবর্তন হয়। যদিও পদ বঞ্চিত নেতাদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। গত জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর থেকেই কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন পরাজয়ের কারণ চিহ্নিত করে সমস্যা নিরসনে উদ্যোগী হয়েছেন। আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন ২০০১ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতস্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন আওয়ামী লীগ সুখনসহ তার কয়েকজন অনুসারীকে বহিষ্কার করে। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের জোয়ারের সময় ৪ দলীয় প্রার্থী হিসেবে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। উল্লেখ্য, নাসিরনগর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম দিন দিন এগিয়ে যাচ্ছে। এদিকে আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের মালিকানাধীন শিল্প-কারখানার অধিকাংশ শ্রমিক-কর্মচারীর বাড়ি নাসিরনগরের বিভিন্ন গ্রামে। যা রাজনৈতিক কর্মকাণ্ডে তার পক্ষে প্রভাব পড়ছে।