কলাপাড়ায় ছিনতাইকারীর কবলে পড়ে বাকশক্তি হারিয়েছে সুমি আক্তার ও খলিল হাওলাদার নামের এক দম্পতি। পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার উপজেলার ছলিমপুর গ্রামে খলিল হাওলাদারের পিতা খালেক হাওলাদারের কুলখানি উপলক্ষে তাদের বাড়িতে আসা আত্মীয়-স্বজনের ঘুমানোর ব্যবস্থা করে রাত সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী একটি বাড়িতে ঘুমাতে যায় এ দম্পতি। পথিমধ্যে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা প্রথমে খলিল হাওলদারকে হাত-মুখ চেপে ধরে নিকটস্থ বনে নিয়ে যায়। ঘর থেকে নেমে স্বামীকে দেখতে না পেয়ে একটু এগুতেই সুমি আক্তারকেও একইভাবে ধরে নিয়ে যায়। এসময় খলিল হাওলাদারের সাথে থাকা নগদ টাকা এবং সুমির সাথে থাকা স্বর্ণালঙ্কার এবং মোবাইল ছিনতাই করে তারা। পরে সুমির চিত্কার শুনে আত্মীয়-স্বজনরা এসে তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতলে ভর্তি করে। এ ঘটনায় খলিল হাওলাদারের বড়ভাই মজিবর হাওলাদার শনিবার কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুমি ও খলিল কলাপাড়া হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত তারা কেউ কথা বলতে পারছেন না বলে জানা গেছে।
