মেঘনায় মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ
দাউদকান্দি সংবাদদাতা \ মেঘনা উপজেলার মুগারচর গ্রামের মুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে হত্যা করা হয়েছে বলে তার স্ত্রী রতনা বেগম থানায় অভিযোগ করলে ২৩ ফেব্রুয়ারি শনিবার তার লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা প্রেরণ করা হয়।
কাঠালিয়ায় যুবদলের কমিটি গঠন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন যুবদলের উদ্যোগে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা শনিবার আমুয়া নতুন বন্দরের দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদল নেতা জিয়া মীরবহরের সভাপতিত্বে কমিটি গঠন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির।
ভালুকা উপজেলা চেয়ারম্যানের বিদেশ যাত্রা
ভালুকা সংবাদদাতা \ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও উচ্চতর প্রশিক্ষণ নিতে শনিবার রাতে ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিমউদ্দিন আহম্মেদ ধনু ৬টি দেশে ১৫ দিনের সফরে যাচ্ছেন। ২৪ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়া, যুক্তরাজ্য, জার্মানী, অষ্ট্রিয়া, পোল্যান্ড ও চেক রিপাবলিকস সফর শেষে আগামী ৯ মার্চ তিনি দেশে ফিরবেন।
নাচোলে অ্যাডভোকেসী সভা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ নাচোলে পাবলিক পলিসি ফোরাম, ট্রেডিশনাল সামাজিক সংগঠন (টিএসএস) সদস্য ও নারী নেত্রীদের নিয়ে এ্যাডভোকেসী সভা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি নাচোল উপজেলা নৃতাত্ত্বিক একাডেমী ভবনে বিধুভূষণ বর্মনের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
ধুনটে শিক্ষার্থীদের সংবর্ধনা
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া ধুনটে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার মাটিকোড়া উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হূদয় বাংলাদেশ সংগঠনের উদ্যোগে ৩২ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
আমতলীতে মাছ চাষ ব্যবস্থাপনা প্রশিক্ষণ
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলী উপজেলা গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) ও পোভারটি রিডাকশন বাই ইনক্রিজিং দ্যা কমপিটিটিভনেস অফ এন্টারপ্রাইজেস(প্রাইজ)-এর সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ উন্নত পদ্ধতিতে মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বানারীপাড়া আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান
বানারীপাড়া সংবাদদাতা \ বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের নেতা মনিরুল ইসলাম, মেহেদী হাসান মিঠু ও ফরহাদ হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
জয়পুরহাটে দুই লাখ টাকা ছিনতাই
জয়পুরহাট প্রতিনিধি \ গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে শনিবার জয়পুরহাটে এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে প্রায় ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে। ‘জেআরডিএম’ নামের স্থানীয় বেসরকারি একটি সংস্থার দু’জন মাঠকর্মী শনিবার বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে অফিসে ফেরার পথে কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়ে।
ফেনীতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
পরশুরাম সংবাদদাতা \ ফেনী ফুলগাজী উপজেলার আমজাদহাট রৌশনাবাদ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শনিবার গরীব দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রৌশনাবাদ সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি নুরুল আবসার খান মঞ্জু।
ময়মনসিংহে মেডিক্যাল ইনস্টিটিউটে নবীনবরণ
ময়মনসিংহ প্রতিনিধি \ শনিবার হোটেল হেরা মিলনায়তনে ময়মনসিংহ মেরী মেডিক্যাল ইনস্টিটিউট কর্তৃক ‘কারিগরি শিক্ষা-টেকনোলজি গুরুত্ব’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন বরণ সম্পন্ন হয়েছে। মেরী মেডিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোফাখখার হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন সঞ্জীব কুমার চক্রবর্তী।
কাহালুতে সচিবদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
কাহালু (বগুড়া) সংবাদদাতা \ রবিবার বগুড়া কাহালু উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে(এলজিএসপির) ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সখীপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে উপজেলার ৪৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯৩ জন শিক্ষক প্রতিনিধি সরাসরি গোপন ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি-সম্পাদক নির্বাচন করেন।
রায়পুরায় জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ জাতীয় পার্টি রায়পুরা উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন শনিবার উপজেলার মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মেহেরপুরে প্রশিক্ষণ উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২য় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২)-এর আওতায় ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যদের রবিবার ৪ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুর মহিলা কলেজের কাকুলি সেরা ক্যাডেট
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট কাকুলি আক্তার সাভার ক্যান্টনমেন্টে জাতীয় ক্যাম্পে ২টি প্রতিযোগিতায় অংশ নিয়ে একটিতে প্রথম ও একটিতে দ্বিতীয় স্থান লাভ করে সেরা ক্যাডেট হওয়ার গৌরব অর্জন করেছে।
নাঙ্গলকোটে ইসালে সওয়াব
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা নাঙ্গলকোটের মৌকারা দরবার শরিফের মরহুম পীর শাহ সুফী আলহাজ্ব মাওলানা অলী (রহ.) বার্ষিকী ও দরবার শরীফের ৬৭তম ইসালে সওয়াব মাহফিল ২৬ ও ২৭ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হবে। মৌকারা দরবার শরিফের পীর আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নেছারউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসাবে বয়ান করবেন ছারছিনা শরীফের পীর আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।
সৈয়দপুরে আওয়ামী লীগের পতাকা মিছিল
সৈয়দপুর সংবাদদাতা \ সারাদেশে জামায়াত ও সমমনা দলের সহিংসতার প্রতিবাদে নীলফামারী জেলার সৈয়দপুরেও পতাকা মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসমূহ। সাবেক সংসদ সদস্য আলিমউদ্দিন, সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, শ্রমিক নেতা মোখছেদুল মোমিন প্রমুখ মিছিলে নেতৃত্ব দেন।
ইসলামপুরে আওয়ামী লীগের কাউন্সিল
ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা \ শনিবার সাত বছর পর ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল পাথর্শী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলম বাবলুর সভাপতিত্বে কাউন্সিল উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র জিয়াউল হক জিয়া।
শিবালয় অটো টেম্পো মালিক সমিতির নির্বাচন
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা\ শিবালয় থানা অটো টেম্পো মালিক সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে মো. মহিরউদ্দিন সভাপতি ও মো. সফিউল্লাহ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল
পীরগঞ্জ(রংপুর)সংবাদদাতা\ রংপুরের পীরগঞ্জ উপজেলা আ’লীগের কাউন্সিল অধিবেশন বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার মহিলা কলেজের অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ১শ’ ৭৭ ভোট পেয়ে মোতাহারুল হক বাবলু ও ২শ’ ৫ ভোট পেয়ে সম্পাদক পদে মিয়া মো: তাজিমুল ইসলাম শামীম নির্বাচিত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও নিউ কেয়ার মেডিক্যাল ইন্সটিটিউট-এর শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় কলেজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলান্দহে চেয়ারম্যান-মেম্বারদের কর্মশালা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালা শনিবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন এতে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন।
নাগরপুরে আওয়ামী লীগের সন্মেলন
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার ভাদ্রা ইউ.পি পরিষদ প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মোঃ এনামুল মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান ভোটে নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা।
উলিপুর জাতীয়তাবাদী কৃষকদলের সম্মেলন
উলিপুর সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুর জাতীয়তাবাদী কৃষকদলের শুক্রবার দ্বি-বার্ষিক সম্মেলনে গোলাম মর্তুজা মুকুল সভাপতি,মনজুরুল ইসলাম সাধারণ সম্পাদক ও নওশেদ আলী আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নওয়াপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ আটক এক
অভয়নগর (যশোর) সংবাদদাতা \ যশোরের শিল্প শহর নওয়াপাড়ার অদূরে মশরহাটি গ্রামে শনিবার রাতে অভিযান চালিয়ে র্যাব খুলনা-৬ এর সদস্যরা সিরাজুল ইসলাম বিশ্বাস (৪২) নামের এক মুদি ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় র্যাব সদস্যরা তার বাড়ি তল্লাশী করে একটি দোনালা কাটা বন্দুক উদ্ধার করে।
বরগুনায় মুক্তিযোদ্ধা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বরগুনা(দক্ষিণ) প্রতিনিধি \ রবিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরগুনা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এতে সভাপতিত্ব করেন জেলা ইউনিট কমান্ডার আবদুর রশিদ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল ওয়াহাব ভূঞা।
লালমনিরহাটে ওয়াজ মাহফিল
লালমনিরহাট প্রতিনিধি \ ২৬ ফেব্রুয়ারি মোতাবেক ১৪ ফাল্গুন মঙ্গলবার জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী আলহাজ্ব শাহসুফী হযরত মাওলানা মনির উদ্দিন দরবেশ (রহঃ) মাযার শরীফে ৫৪তম বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
বেলকুচিতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বেলকুচিতে সংযুক্ত আরব আমিরাত এর মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ফাউন্ডেশন (ইউ,এ,ই) কর্তৃক প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে উপজেলার সেন ভংঙ্গাবাড়ী হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা সংলগ্ন মমতা-খায়ের মসজিদ ত্রিতল মডেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবিবার মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ফাউন্ডেশন (ইউএই) এর চেয়ারম্যান ও চিশতীয়া খানকা শরীফ বাংলাদেশের হাফেজ ক্বারী মাওলানা মুফতী আব্দুর রহীম পীর।
মোহনগঞ্জে গণশুনানি
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনার হাওরাঞ্চল খ্যাত মোহনগঞ্জে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন ও মাছ ধরার অধিকার নিশ্চিতকরণ বিষয়ক এক গণশুনানি গতকাল রবিবার দুপুরে গাগলাজুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী প্রগতি সংঘের রি-কল প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত গণশুনানিতে ৩ সদস্য বিশিষ্ট জুরী বোর্ডের প্রধান ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকিয়া সুলতানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম সারোয়ার খোকন, নারী প্রগতি সংঘের রি-কল প্রকল্পের মুক্তি মহানায়ক প্রমুখ।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পুনর্মিলনী
কুমিল্লা প্রতিনিধি\ গতকাল শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. আমির হোসেন খান। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কাশেম মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এ.বি.এম শাহজালাল।
বোয়ালমারীতে বিনামূল্যে চিকিত্সা সেবা
ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাঁচ শতাধিক দরিদ্র রোগীকে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি’র (এসডিসি) আয়োজনে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হয়েছে।
এনায়েতপুরে মরণোত্তর সম্মাননা প্রদান
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের এনায়েতপুরে মুসফিকা স্মৃতি পাঠাগারের ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে অসামান্য অবদান রাখায় এলাকার প্রয়াত ৩ কৃতী সন্তানকে মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে।
গাইবান্ধায় শিক্ষার্থীদের সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি \ ‘বন্ধ কর যৌন হয়রানি, মুক্ত হোক পথের বাধা’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যৌন হয়রানি বন্ধকল্পে যুব শিক্ষার্থীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধা উন্নয়ন নেটওয়ার্ক ও স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে যুব শিক্ষার্থী সহায়ক দল এই কর্মসূচির আয়োজন করে।
নড়িয়া শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভা
নড়িয়া(শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজেলায় শনিবার ডিঙ্গামানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব বেপারী। বিদ্যালয় কমিটির সভাপতি সেকেন্দার হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা।
ফুলবাড়িতে হত্যার অভিযোগে গ্রেফতার
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা\ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার গৌরীপাড়া গ্রামের মুরগি ব্যবসায়ী মাহামুদুল হককে হত্যার অভিযোগে শফিকুল ইসলাম (৪২) নামের তারই এক বন্ধুকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার পুলিশ নবাবগঞ্জ উপজেলার তেলিরডাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মতলবে পাঁচআনি স্কুল ছাত্রাবাসের উদ্বোধন
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচআনি উচ্চ বিদ্যালয়ে ইঞ্জিনিয়ার মমিনুল হক ও এসএম মোহসিন ছাত্রাবাসের উদ্বোধন ও পাঁচআনি হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সামছুল হক সরকার ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়। উভয় অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম। শনিবার পাঁচআনি উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল প্রমুখ।
শেরপুরে স্টুডেন্টস কাউন্সিল সম্পন্ন
শেরপুর প্রতিনিধি
ব্যাপক উত্সবমুখর পরিবেশে শেরপুরে শনিবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পোলিং অফিসার পর্যন্ত দায়িত্বে ছিলেন স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরাই। বেলা ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ। সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় চত্বর নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পোস্টার ও লিফলেট দিয়ে সাজানো হয়। জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ৫ উপজেলার মধ্যে সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলার সরকারি, রিজিস্টার ও বেসরকারি বিদ্যালয়ের মোট ৪৬৭টি স্কুলে ভোটগ্রহণ করা হয়।
