চাপাবাজ

আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:২৫

হেন করেঙ্গা তেন করেঙ্গা

তিনি নাকি সব পারেন

চাপার জোরে দিনদুপুরে

নানারকম গপ মারেন।

 

উনার নাকি হাত রয়েছে

অনেক উপর মহলে

তিলকে তিনি তাল বানিয়ে

হাজার বলেন শ হলে।

 

নেতার মতো লেবাস পরেন

আছে নাকি ভোটের জোর

ইলেকশনে পাননি টিকেট

তবু দেখান ঠোঁটের জোর।

 

দেশের অনেক মন্ত্রী-এমপি

জজ-ব্যারিস্টার ক্রিকেটার

এদের অনেক ছিলেন নাকি

উনার দলের পিকেটার।

 

বাড়ি-গাড়ির টাকা আছে

তবু নাকি কেনেন না

দুইদিনের এই দুনিয়াতে

বড়াই নাকি চেনেন না।

 

তিনি নাকি চলেন ভালো

কথায় কাজে মিল রেখে

সবাই নাকি আনন্দ পায়

উনার খোলা দিল দেখে।

 

গুণী লোকে করে নাকি

উনাকে বেশ সমীহ

উনার মুখের কথা নাকি

অমোঘ বাণী অমিয়।

 

উনি বলেন, দেশটা ভরে

আছে অনেক চাপাবাজ

উনার মতো মানুষ নাকি

এই সমাজে চাপা আজ।

 

কাকুয়ারপার ক্যাডেট কলেজ, এয়ারপোর্ট, সিলেট।