ইউটিউব মাত করলো মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামার নাচ। তার নাচ দেখতে ইউটিউবে হুমড়ি খেয়ে পড়ছেন সারা বিশ্বের লাখ লাখ দর্শক। গতকাল রবিবার পর্যন্ত সাড়ে আট লাখেরও বেশি দর্শক ইউটিউবে নাচের ভিডিওটি দেখেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
যুক্তরাষ্ট্রের তরুণদের ফিটনেস ও পুষ্টিসংক্রান্ত ‘লেটস মুভ’ শীর্ষক একটি প্রচারাভিযানের অংশ হিসেবে গত শুক্রবার এনবিসি চ্যানেলের একটি কমেডি টক শোতে অংশ নেন মিশেল। প্রেসিডেন্ট বারাক ওবামা তিন বছর আগে ‘লেটস মুভ’ প্রচারাভিযান শুরু করেন। ‘লেট নাইট উইথ জিমি ফ্যালন’ নামের ওই কমেডি টক শোর উপস্থাপক জিমি ফ্যালন। অনুষ্ঠানে উপস্থাপকের সঙ্গে ‘ইভালুশন অব মম ডান্সিং’ শিরোনামের এ নাচে অংশ নেন মার্কিন ফাস্ট লেডি। নাচের এ ভিডিওটি শুক্রবার ইউটিউবে ছাড়ার পর এ পর্যন্ত সাড়ে আট লাখের বেশি দর্শক দেখেছেন এবং ১১ হাজারের বেশি লাইক দিয়েছেন। পাশাপাশি মিশেল এবং তার পরিবার সম্পর্কে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন দর্শকরা।
একজন দর্শক লিখেছেন, এ প্রথমবারের মতো আমরা একজন হূদয়বান ফার্স্টলেডি পেলাম। রিনা লুবিত নামের আরেকজন লিখেছেন, আমি প্রেসিডেন্টের পরিবারকে সত্যিই ভালোবাসি। তারা খুবই আন্তরিক ও হাসিখুশি। টক শো শেষে এক সাক্ষাত্কারে মিশেল তার স্বামী ওবামার নাচের দক্ষতা ‘বি’ ক্যাটাগরির বলে উল্লেখ করেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে স্থূলতা একটি বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যা। সেখানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতি তিনজনের মধ্যে একজন এবং প্রতি পাঁচজন শিশুর মধ্যে স্থূলতায় ভোগে একজন।
