ধিক তোমাকে, ধিক তোমার উদ্ধত্যকে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী গতকাল রবিবার জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বক্তব্য রাখার সময় কাদের সিদ্দিকীর বর্তমান ভূমিকার সমালোচনা করে বলেন, পঁচাত্তর সালে তার ভাই ঘোষণা দিয়েছিলেন তিনি বঙ্গবন্ধুর চতুর্থ সন্তান। সেই চতুর্থ সন্তানের বর্তমান কর্মকাণ্ড, দিগন্ত টিভিতে মধ্যরাতের টকশোতে অংশগ্রহণ এবং নয়াদিগন্ত পত্রিকায় কলাম লেখার কারণে তরুণ প্রজন্ম তাকে ‘নব্য রাজাকার’ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে। আমিও তাকে প্রত্যাখ্যান করি। নব্য রাজাকার বলায় তিনি (কাদের সিদ্দিকী) এখন বেসামাল হয়ে পড়েছেন। কাদের সিদ্দিকীকে উদ্দেশ করে লতিফ সিদ্দিকী বলেন, ধিক তোমাকে, ধিক তোমার ঔদ্ধত্যকে! আজ মনে হচ্ছে, একাত্তরে যুদ্ধ করেছিলে মাতৃভূমিকে রক্ষা করতে বা বঙ্গবন্ধুর ডাকে নয়, নিজের জীবন বাঁচাতে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অস্ত্র ধরোনি, নিজের জীবন রক্ষায় অস্ত্র ধরেছিলে। মন্ত্রী আবদুল লতিফের বক্তব্যের শেষে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেন, মন্ত্রীর বক্তব্যের মধ্যে কার্যপ্রণালী বিধির পরিপন্থি কোন শব্দ থাকলে তা এক্সপাঞ্জ করা হবে।