আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে না। শুধু জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপির সঙ্গে জামায়াতের কোনো পার্থক্য নেই, এরা স্বাধীনতা বিরোধী। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না। যারা ষড়যন্ত্র করছে তাদেরও বিচারের আওতায় আনা হবে।
স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্যরা অনির্ধারিত আলোচনা শুরু করলে তিনি এ কথা বলেন। অন্য সংসদ সদস্যরাও জামায়াত-শিবির নিষিদ্ধ করার কথা বলেন। তারা বলেন, ধর্মভিত্তিক সকল দল নিষিদ্ধ করা হবে না। শুধুমাত্র স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রথমেই আলোচনার সূত্রপাত করেন সুবিদ আলী ভুঁইয়া। আওয়ামী লীগের সিনিয়র সদস্য তোফায়েল আহমদ বলেন, বঙ্গবন্ধুর সংবিধানেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধু এ দলটির নেতাদের নাগরিকত্ব ও ভোটাধিকার পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু জেনারেল জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতিতে পুনর্বাসিত করেছেন। তিনি বলেন, জামায়াত-শিবির গত শুক্রবার একাত্তরের মতো শহীদ মিনার ভেঙ্গেছে। ভেঙ্গেছে গণজাগরণ মঞ্চ, রক্তস্নাত পতাকা পুড়িয়েছে, সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন করেছে, পাকিস্তান জিন্দাবাদ বলে শ্লোগান দিয়েছে। সেই দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। যারা ধর্মকে পুঁজি করে, ধর্মীয় উস্কানি দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। সন্ত্রাসী-জঙ্গি জামায়াতকে নিষিদ্ধ করার এখনই সময়।
এর আগে সুবিদ আলী ভুঁইয়া প্রশ্ন রেখে বলেন, গত শুক্রবার দেশব্যাপী যারা তাণ্ডব চালিয়েছে তারা কারা? যারা দেশের জাতীয় পতাকা পুড়িয়ে পাকিস্তানি পতাকা নিয়ে মিছিল করে, শহীদ মিনার ভাঙ্গে, মসজিদের কার্পেট পুড়িয়ে ফেলে, বোমাবাজি করে তারা কারা? এরা সবাই জামায়াত-শিবির। তিনি বলেন, মসজিদের মধ্যে বোমাবাজি করে, জায়নামাজ পুড়িয়ে কী ইসলাম রক্ষা করা যায়? যারা করেছে তারা কী প্রকৃত ইসলাম ধর্মে বিশ্বাস করে? জামায়াতের নাশকতার বিরুদ্ধে আরো কঠোর হতে হবে। আমাদের লড়াই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়।
স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম শাহবাগের গণজাগরণ মঞ্চে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিকভাবে সঙ্কটের সমাধান করতে হবে। তিনি মাথাচাড়া দিয়ে ওঠা অপশক্তিকে কঠোরহস্তে দমন করার দাবি জানান।
